২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য আলোচনায় ছাড় দিতে ব্রাজিলের আহ্বান

ধনী দেশগুলোর মর্জির ওপর নির্ভর করছে উন্নয়নশীল দেশগুলোর ভাগ্য’- এমন মন্তব্য করে এ অবস্থার অবসান চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। বিশ্ব বাণিজ্যে ছাড় না দিয়ে উন্নয়নশীল দেশগুলোকে ঠেকিয়ে রাখার এই বঞ্চনা অবসানে স্থগিত হয়ে যাওয়া আলোচনাটি ফের উজ্জীবিত করার অনুরোধ করেছেন লুলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 08:46 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সুইস আল্পসের স্কি রিসোর্ট ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) এক সম্মেলনে মিলিত হয়েছেন ৩০টিরও বেশি দেশের বাণিজ্য মন্ত্রীরা। তারা চাইছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) দোহা অধিবেশনে স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবারও শুরু করতে। বাণিজ্যে আমদানি শুল্ক, ভর্তুকি ও অন্যান্য প্রতিবন্ধকতা কমাতেই আলোচনা হচ্ছিল ওই অধিবেশনে।

দ্বিতীয় দফা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শুরু করা লুলা জানান, তার দেশ ছাড় দিতে তৈরি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের উচিত হবে একই মনোভাব দেখানো।

“আমরা লড়ছি... যাতে ধনী দেশগুলোকে সচেতন করা যায় যে দোহা অধিবেশনের সমঝোতাকে বাতিল করা হলে স্রেফ ইরাকের ওপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। কিংবা তাদের যদি এমন ধারণা থাকে যে যখন তখন অর্থ সাহায্য দিলেই বিরোধ মিটে যাবে, তাহলে তা হবে ভুল। প্রবৃদ্ধির সম্ভাবনা, কাজের সুযোগ বাড়ানো এবং সম্পদের বণ্টনই হচ্ছে একটি শান্তিপূর্ণ বিশ্ব কায়েমের জরুরি অনুষঙ্গ।”

২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওপর সন্ত্রাসবাদী হামলার কিছুদিন পরই দোহায় ডাব্লিউটিওর অধিবেশন বসেছিল। ‘দোহা ডেভেলপমেন্ট এজেন্ডা’ নামে আনুষ্ঠানিক পরিচিতি পাওয়া ওই অধিবেশনে গুরুত্ব দেওয়া হচ্ছিল উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই এবং বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করাকে।

বিশ্বে কৃষিখাতে পরাশক্তি হিসেবে আবির্ভূত ব্রাজিল চাচ্ছে যুক্তরাষ্ট্র কৃষি ভর্তুকিতে বর্তমান প্রস্তাবটিতে পরিবর্তন আনুক। একই সঙ্গে চাইছে ইউরোপীয় ইউনিয়ন যাতে কৃষিপণ্যে শুল্ক আরো কমায়।

আর যুক্তরাষ্ট্র ও ইইউ চাইছে ব্রাজিল ও ভারতের মতো বড় উন্নয়নশীল দেশগুলো তাদের ক্রমবর্ধমান বাজার শিল্পজাত পণ্য ও সেবার জন্য আরো উন্মুক্ত করুক।

ডাব্লিউটিও চুক্তিটি সম্পাদনের পথে বিঘœ ঘটাচ্ছে নানামুখী স্বার্থের সংঘাত। এতে রাজনৈতিক স্পর্শকাতরতা যুক্ত হয়ে দ্বন্দ্বের সৃষ্টি করেছে ধনী দেশগুলোর মধ্যে। সে বিভেদ ছড়িয়ে পড়েছে উন্নয়নশীল দেশগুলোর মধ্যেও।

কৃষিখাতের মতো গুরুত্বপূর্ণ ও প্রধান বিষয়টি নিয়ে শিগগিরই এই আলোচনা শুরু না হলে আরো কয়েক বছর পিছিয়ে যেতে পারে ডাব্লিউটিওর দোহা অধিবেশন। এমনকি তা ভেস্তেও যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেক সমঝোতাকারী।

তিনদিন ধরে দ্বিপাক্ষিক ও ছোট ছোট দলীয় বৈঠকের পর শনিবার ডাভোসে বাণিজ্যমন্ত্রীরা একসঙ্গে বসার কথা। তাতে ডাব্লিউটিওর সদস্য ১৫০টি দেশকে আবারো একই টেবিলে আনা যায় কিনা তার সম্ভবনা নিয়ে আলোচনা করবেন তারা।

ইইউর বাণিজ্য কমিশনার পিটার ম্যান্ডেলসন অবশ্য শিগগিরই আলোচনা শুরুর সম্ভবনার ব্যাপারে ব্যাপারে তেমন আশাবাদী নন।

“আগামী কয়েক সপ্তাহেই শুরু হবে বলা যাবে না, তবে মাস দুয়েকের মধ্যে জানা যাবে আসলে কী হতে যাচ্ছে।”

সমঝোতাকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে শিগগিরই চুক্তির একটা রূপরেখা তৈরি না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস থেকে বাণিজ্যিক চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের ক্ষমতার অনুমোদন হারাবেন। এই ক্ষমতা শেষ হওয়ার কথা ৩০ জুন।

বুশের এই ক্ষমতা ছাড়া ডাব্লিউটিও চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন সমঝোতাকারীরা।