অবৈধ অভিবাসী ঠেকাতে কড়াকড়ির তোড়জোড় যুক্তরাজ্যের
অবৈধ অভিবাসী ও চোরাচালানকারীদের ঠেকাতে কর্মকর্তাদের আরো ক্ষমতা দিচ্ছে যুক্তরাজ্য। নতুন সিদ্ধান্তের বলে ইমিগ্রেশন কর্মকর্তারা গ্রেপ্তারও করতে পারবেন।
এ সংক্রান্ত একটি ঘোষণা শুক্রবারই আসার কথা।
যুক্তরাজ্যের অভিবাসনমন্ত্রী লিয়াম বার্নে বিবিসিকে বলেন, “অবৈধ অভিবাসীর অনুপ্রবেশ রোধে সরকার বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে। এর আওতায় এপ্রিলেই গঠিত হবে ‘বর্ডার অ্যান্ড ইমিগ্রেশন এজেন্সি’। বর্তমান ‘ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি ডিরেক্টরেটের’ কর্মকর্তা ও কর্মচারীরা নতুন বিভাগের অধীনে চলে যাবেন। তাদের পোশাকেরও পরিবর্তন হবে।”
বিবিসি জানিয়েছে, প্রাথমিক অনুশীলন হিসেবে সোমবার থেকেই নতুন পোশাক পরে যুক্তরাজ্যের তিনটি বিমানবন্দরে দায়িত্ব পালনে নামবেন কর্মকর্তা ও কর্মচারীরা।
মন্ত্রী একে যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ে ঐতিহাসিক একটি সংস্কার হিসেবে আখ্যায়িত করেছেন।
তার মতে, এর মাধ্যমে কর্মকর্তারা আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পাবেন।
তিনি জানান, মানুষ পাচার ও চোরাচালানকারীদের ঠেকাতে তাদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের কারাগারে আটক বিদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও সহজ করা হয়েছে।
অবৈধ পন্থায় শ্রমিক আমদানি করে এমন ব্যবসায়ীদের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানান লিয়াম।
বিবিসি জানায়, নতুন আইনে ইউরোপীয় ছাড়া সব বিদেশির আঙ্গুলের ছাপসহ সব ধরনের তথ্য প্রদান সংক্রান্ত একটি বিধি যুক্ত হতে পারে।
