ইরাকে তৎপর ‘ইরানি চরদের আটক ও হত্যা’য় বুশের নির্দেশ
ইরাকে তৎপর ‘ইরানি চরদের আটক ও হত্যা’র নির্দেশ অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
গত বছরের শেষ নাগাদ তিনি এ অনুমোদন দেন। বুশ মার্কিন সেনাবাহিনীকে এ পরিকল্পনা কার্যকর করারও নির্দেশ দিয়েছেন বলে শুক্রবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়।
এতে ওই পরিকল্পনা সম্পর্কে জানেন এমন সরকারি ও সন্ত্রাসবিরোধী তৎপরতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে।
পরিচয় জানাতে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ওই অঞ্চলে ইরানের প্রভাব খর্ব করা এবং পরমাণু কর্মসূচি স্থগিত করতে তেহরানকে চাপ দেওয়াই এর উদ্দেশ্য। পশ্চিমা দেশগুলোর বিশ্বাস জ্বালানি শক্তি হিসেবে নয়, ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে পরমাণু অস্ত্র বানানোর উচ্চাশা থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সেনারা কয়েকদিনের জন্য ডজনখানেক ইরানিকে হেফাজনে নেয়। সময়টায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ এবং প্রত্যেকের ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া হয়।
নতুন এই নীতি ইরাকি আধা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ইরানি গুপ্তচর ও ইরানি রেভল্যুশনারি গার্ড সদস্যদের বিরুদ্ধে প্রযোজ্য হবে বলে জানিয়েছে পত্রিকাটি। সাধারণ নাগরিক কিংবা কুটনীতিবিদদের এর আওতার বাইরে রাখা হয়েছে।
পত্রিকাটি লিখেছে, এখন পর্যন্ত কোনো ইরানিকে হত্যার উদ্দেশ্যে অভিযান চালায়নি মার্কিন সেনারা। তবে প্রশাসনিক কর্মকর্তারা চাইছেন, সামরিক নেতৃত্ব ঠিক সেটাই করুক।
পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস এই পরিকল্পনাটিকে সমর্থন করেছেন যাতে পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপ প্রয়োগ করা যায়। তবে প্রতিবেদনে আরো বলা হয়, তিনি উদ্বিগ্ন যে কোনো ভুল হলে তার মাশুল না গুনতে হয় এবং এ ব্যাপারে সতর্ক থাকারও নির্দেশ দেন।
পত্রিকাটির মতে, এই পরিকল্পনাটির পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) জড়িত, তবে তারা এর খুঁটিনাটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে ‘গ্রেপ্তার কিংবা হত্যা’র নির্দেশ প্রসঙ্গে এনএসসির এক মুখপাত্র গর্ডন জনড্রো ওয়াশিংটন পোস্টকে বলেন, “ইরানের মাটিতে মার্কিনিদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট আমাদের পরিষ্কার নির্দেশ দিয়েছেন এবং তাদের ক্ষতি হতে পারে এমন যেকোনো তৎপরতায় বাধা দেওয়াও তার অংশ। আমাদের সেনাবাহিনীর সে অধিকার আছে এবং সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সনদ মেনেই।”
তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ছাড়াও পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন এ পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সিআইএ প্রধান মাইকেল হেইডেন অবশ্য বলেছেন, ইরাকে কর্মরত মার্কিন কর্মকর্তাদের পণবন্দি হিসেবে অপহরণ কিংবা হত্যার চেষ্টা চালাতে পারে ইরানিরা। উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের সেনাদের তিনটি অভিযানে বেশ কয়েকজন ইরানি কর্মকর্তাকে আটক করা হয়।
বুধবার ইরাকে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদুত জালমে খলিলজাদ সাংবাদিকদের বলেন, আগামী কয়েকদিনের মধ্যে এদের বিরুদ্ধে আনা অভিযোগের খুঁটিনাটি প্রকাশ করা হবে। তিনি জানান ‘গুপ্তচরদের চক্র’ খুঁজে পেতেই এই অভিযান চালানো হচ্ছে এবং ইরাকে ইরানিদের তৎপরতার পেছনে এটাই কারণ।
ইরাকি জঙ্গি, বিশেষ করে শিয়া মুসলিমদের অস্ত্র, প্রশিক্ষণ ও তহবিল জোগাচ্ছে বলে ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
