কড়া নিরাপত্তার মধ্যে উদযাপিত হলো ভারতের প্রজাতন্ত্র দিবস
কঠোর নিরাপত্তার মধ্যে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে ভারত। শুক্রবার রাজধানী নয়া দিল্লিতে দিবসের অনুষ্ঠানে অংশ নেন সফররত রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। প্রজাতন্ত্র দিবস ঘিরে দিল্লিসহ সহিংসতাপ্রবণ উত্তর--পূর্বাঞ্চল ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায় ছিল। দিল্লিতে সমরাস্ত্র প্রদর্শনীসহ বিভিন্ন বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী মনমোহন সিঙের সঙ্গী হন পুতিন। উপভোগ করেন ট্যাংক ও হাতি--শোভিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ।
এদিকে, প্রজাতন্ত্র দিবস উদযাপন বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানায় উত্তর--পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদীরা। সাধারণ ধর্মঘটের ডাক দেয় ভারত--শাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী কয়েকটি দল।
নয়াদিল্লি পুলিশের মুখপাত্র দীপেন্দ্র পাঠক বলেন, “সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।”
পুলিশ জানায়, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কাশ্মিরের গেরিলা সংগঠন লস্কর--ই--তৈয়বার এক সন্দেহভাজন গেরিলাকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দুটো ডেটনেটরসহ বৃহস্পতিবার গভীর রাতে নয়াদিল্লির মেট্রো স্টেশন থেকে আটক করা হয়।
এছাড়া, বৃহস্পতিবার রাতে শরীরে বোমা বহনের সময় বিস্ফোরণে নিহত হয়েছে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) এক সদস্য।
একই রাজ্যে পৃথক আরো একটি বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হন।
