দোহা আলোচনা নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে গেটস--লামি বৈঠক
দোহা বাণিজ্য আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় ব্যবসায়ী নেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টির প্রেক্ষাপটে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান প্যাসকাল লামির সঙ্গে সাক্ষাত করেছেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস ।
সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের (ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম) সম্মেলনের বাইরে বৃহস্পতিবার তারা একান্ত বৈঠকে মিলিত হন।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে এ বৈঠকের কথা স্বীকার করলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান গেটস।
তিনি শুধু বলেন, “হ্যা, আমরা কথা বলেছি।”
এর আগে ১৫জন শীর্ষ ব্যবসায়ী নেতা দাভোসে এক বিবৃতিতে বলেন, “যত দ্রুত সম্ভব দোহা আলোচনা শুরু করতে ব্যর্থ হলে এবং এ নিয়ে সৃষ্ট সঙ্কট আগামী ছয় মাসের মধ্যে সমাধান করা না গেলে বিশ্ব সম্প্রদায়কে কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। আর এ উদ্বেগ থেকেই আমরা একত্র হয়েছি।”
শনিবার ডাভোসে ফোরামভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর জুলাই মাসের পর থেকে এ ধরনের এটাই প্রথম বৈঠক।
ইউরোপীয় বাণিজ্য কমিশনার পিটার ম্যান্ডেলসন, তার মার্কিন প্রতিপক্ষ সুসান শোয়াব এবং ব্রাজিল ও ভারতের মতো উন্নয়নশীল দেশের প্রতিনিধিসহ প্রায় ২৫টি দেশের মন্ত্রীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
