থাইল্যান্ডে সামরিক আইন আংশিক প্রত্যাহার
থাইল্যান্ডে জারি করা সামরিক আইন আংশিক প্রত্যাহার করেছেন রাজা রাজা ভূমিবল আদুল্যাদেজ। শুক্রবার তিনি এ সংক্রান্ত এক রাজকীয় প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপন অনুযায়ী রাজধানী ব্যংককসহ দেশটির মোট ৭৬টি প্রদেশের মধ্যে বেশিরভাগ প্রদেশ থেকে সামরিক আইন তুলে নেওয়া হয়েছে। তবে সীমান্তবর্তী ৩৫টি প্রদেশে সামরিক আইন অব্যাহত থাকবে বলে জানানো হয়।
গত বছর ১৯ সেপ্টেম্বরের সেনা অভ্যুত্থানের পর নভেম্বরের ২৮ তারিখে ওই ‘জরুরি নিরাপত্তা আইন’ বা সামরিক আইন জারি করে সেনাবাহিনী নিয়োগকৃত থাই সরকার। তবে ওই আইন কার্যকর করার ক্ষেত্রেও রাজার অনুমোদন প্রয়োজন ছিল।
এ ঘোষণার পর মূলত সীমান্তবর্তী প্রদেশগুলোতেই জারি থাকবে সামরিক আইন। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার জেলা শহর চিয়াংমাই এবং মুসলিম অধ্যুষিত সংঘাতময় দক্ষিণ থাইল্যান্ডেও ওই বিশেষ জরুরি নিরাপত্তা আইন জারি থাকবে।
তবে রাজধানী ব্যংককসহ সংঘাতময় আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা হবে সে বিষয়ে কিছু বলা হয়নি ওই প্রজ্ঞাপনে।
উল্লেখ্য, জরুরি নিরাপত্তা আইন জারি থাকা অবস্থায় ইংরেজী নববর্ষের আগের রাতে ব্যাংকক বোমা হামলায় তিনজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন।
