ইরাক নিয়ে রিপাবলিকানদের বিকল্প প্রস্তাব
ইরাকে শুধু সহিংসতাপ্রবণ আনবার প্রদেশে সৈন্য বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ‘বিকল্প’ একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন রিপাবলিকান সিনেটর জন ওয়ার্নার। বৃহস্পতিবার একথা জানান তিনি। প্রস্তাবে আনবার প্রদেশে আরো মার্কিন সৈন্য মোতায়েনে বুশের সিদ্ধান্তে সমর্থন দেওয়া হলেও বাগদাদসহ অন্যান্য প্রদেশে সৈন্য সংখ্যা বৃদ্ধির কড়া সমালোচনা করা হয়েছে।
এর আগে ডেমোক্রেট দলের আইন প্রণেতারা ইরাকে বুশের আরো ২১ হাজার ৫০০ সৈন্য মোতায়েনের সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে উল্লেখ করে সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে একটি প্রস্তাব অনুমোদন করেছিলেন। ওই প্রস্তাবে কিছু সংশোধন এনেই বিকল্প প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন জন ওয়ার্নার।
প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ‘কমান্ডার ইন চিফ’ স্বীকৃতি দিলেও তার নতুন ইরাক নীতির সঙ্গে সব আইনপ্রণেতা একমত নন বলে জানান ওয়ার্নার।
ওয়ার্নারের মতে, ইরাকের সব এলাকায় নয় বরং পশ্চিম আনবার প্রদেশে আরো মার্কিন সৈন্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তিযুক্ত। এর সপক্ষে তার যুক্তি হল, সেখানে আল কায়দা সক্রিয় রয়েছে। কিন্তু বাগদাদে সৈন্য বৃদ্ধির পরিণাম ভয়াবহ জাতিগত দাঙ্গা ছড়িয়ে দেবে বলে তার আশঙ্কা।
বিকল্প এই প্রস্তাবটি ভেবে দেখার জন্য প্রেসিডেন্ট বুশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে জঙ্গি দমনে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বুশ প্রশাসন। হোয়াইট হাউজের মুখপাত্র টনি øো বৃহস্পতিবার বলেন, “তার এ ঘোষণা যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের উদ্বেগ প্রশমনে কার্যকর ভূমিকা রাখবে।”
