প্রজাতন্ত্র দিবস ঘিরে ভারতে কড়া নিরাপত্তা
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানী নয়া দিল্লিসহ বিক্ষুব্ধ উত্তর-- পূর্বাঞ্চল ও কাশ্মীরে সতর্কাবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী।
শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। পদাতিক বাহিনীর শোভাযাত্রা ও সমরাস্ত্র প্রদর্শনীসহ বিভিন্ন বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গী থাকবেন তিনি।
এদিকে, প্রজাতন্ত্র দিবস উদযাপন বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদীরা। সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ভারত শাসিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের কয়েকটি সংগঠন।
নয়া দিল্লি পুলিশের মুখপাত্র দীপেন্দ্র পাঠক বলেন, “সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।”
পুলিশ জানায়, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কাশ্মিরের গেরিলা সংগঠন লস্কর ই তৈয়বার এক সন্দেহভাজন গেরিলাকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দুটো ডেটনেটরসহ বৃহস্পতিবার গভীর রাতে নয়াদিল্লির মেট্রো স্টেশন থেকে আটক করা হয়।
এছাড়া, বৃহস্পতিবার রাতে শরীরে বোমা বহনের সময় বিস্ফোরণে নিহত হয়েছে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)-এর এক সদস্য।
একই রাজ্যে পৃথক আরো একটি বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হন।
