২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি শাভেজের

ভেনেজুয়েলার মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট হুগো শাভেজ। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ এনে তিনি এ হুমকি দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 11:50 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম ব্রাউনফিল্ডের উদ্ধৃতি দিয়ে ভেনেজুয়েলার পত্রিকাগুলো জানায়, শাভেজ সরকার যেসব কম্পানি জাতীয়করণ করছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।

এর পরিপ্রেক্ষিতে শাভেজ বলেন, “এটা একেবারেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপার। যুক্তরাষ্ট্রের এতে মাথাব্যথার কোনো কারণ থাকতে পারে না। এ ধরনের তৎপরতা যদি অব্যাহত থাকে তবে আমরা বাধ্য হব তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে।”

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের অন্যতম প্রধান ক্রেতা হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অতি নাজুক। গত সেপ্টেম্বরে জাতিসংঘে ভাষণে শাভেজ মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ‘শয়তান’ আখ্যায়িত করলে দুই দেশের সম্পর্কে আবার টানাপড়েন সৃষ্টি হয়।

তাছাড়া নির্বাচনে পুনর্বার জয়ী হওয়ার পর শিল্প জাতীয়করণ নীতি অব্যাহত থাকবে বলে শাভেজের ঘোষণাও ওয়াশিংটনের উদ্বেগের অন্যতম কারণ।