২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ফিলিস্তিনিরা চরম দারিদ্র্যে রয়েছে: আব্বাস

গাজার ফিলিস্তিনিরা চরম দারিদ্র্যে রয়েছে। আর এর কারণ ইসরায়েলি বিধি নিষেধ ও হামলা। এ বক্তব্য ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 02:42 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় বৃহস্পতিবার মাহমুদ আব্বাস বলেন, “গাজার ফিলিস্তিনিদের মধ্যে বেকারত্ব ও দারিদ্র্য চরম অবস্থায় পৌঁছেছে। সেখানকার শতকরা ৭৯ ভাগ ফিলিস্তিনি দারিদ্র্য সীমার নিচে বাস করছে। ”

এর জন্য ইসরায়েলকে দায়ী করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, “সীমান্তের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। ফলে তারা যে কোনো কিছু আটকে দিতে পারে। পাশাপাশি তাদের হামলায় ধ্বংস হচ্ছে ফিলিস্তিনি অবকাঠামো।”

এভাবে চললে ফিলিস্তিনের অর্থনীতি পুরোপুরিই ধ্বংস হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মাহমুদ আব্বাস। তাই এ পরণতি থেকে রক্ষার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করেন। 

প্রসঙ্গত বিগত নির্বাচনে চরমপন্থী হামাস ক্ষমতায় আসার পর পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে সাহায্য বন্ধ করে দেয়। বর্তমানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে হামাস প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার ক্ষমতার দ্বন্দ্ব চলছে।

আর সীমান্তে কড়াকড়ির বিষয়ে ইসরায়েল বলে আসছে, জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর জন্য এর বিকল্প নেই।