২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আরো পরমাণু চুল্লী নির্মাণ করবে রাশিয়া

ভারতে আরো কয়েকটি পরমাণু চুল্লী নির্মাণে চুক্তি করেছে দিল্লি ও মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিজ নিজ দেশের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। দুই দিনের সফরে পুতিন বৃহস্পতিবারই ভারত পৌঁছেন।  রুশ প্রেসিডেন্টের এ সফরের মূল লক্ষ্যই হচ্ছে দুদেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন এবং পরমাণু চুল্লী স্থাপন ও অস্ত্র বিক্রির ব্যাপারে নতুন চুক্তি করা। এছাড়া আগামী শুক্রবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, “দুদেশের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর জ্বালানি খাতে বিশ্বে রাশিয়ার অবস্থান নেতৃত্বের পর্যায়ে।”

রাশিয়ার ইতোধ্যেই ভারতে দুটি পরমাণু চুলী­ নির্মাণের কাজ করছে। ভারতীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের চুক্তির আওতায় নতুন চুল্লীগুলোর কয়েকটি স্থাপন করা হবে তামিলনাড়–তে, আর বাকিগুলো অন্যান্য স্থানে।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানভ এ চুক্তির ব্যাপারে আগাম ধারণা দিয়েছিলেন। সাংবাদিকদের তিনি আরো বলেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাখালিন--৩ এলাকার তেল ও গ্যাস সম্পদ উত্তোলনে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানানোর ব্যাপারে মস্কো আগ্রহী।

পুতিনের সফরকালে এক্ষেত্রে একটি চুক্তি করার জন্য রাশিয়ার প্রতিও বুধবার আহ্বান জানান ভারতের তেলমন্ত্রী মুরলি দেউড়া।

রাশিয়া ভারতের কাছে ১২৬টি মিগ--৩৫ যুদ্ধবিমানও বিক্রি করতে চান বলে ইভানভ জানিয়েছিলেন। চীনের পর ভারতই রুশ সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির সমরাস্ত্রের ৮০ ভাগই রাশিয়া থেকে কেনা।

এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, কমপক্ষে ৩০০টি রাশিয়ান টি--৯০ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার কেনার পরিকল্পনাও রয়েছে তাদের।

প্রসঙ্গত, শীতল যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে মস্কো ও নয়াদিল্লীর মধ্যকার সম্পর্কে অবনতি ঘটে। এরপর থেকে রাশিয়া সবসময়ই ভারতের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’র সম্পর্ক রেখেছিল। দেশটি এশিয়ার অন্যতম শক্তি ভারতের আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি ভূমিকা রাখার পক্ষেও সমর্থন দিয়ে আসছে।