২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার খবর ভিত্তিহীন: সউল

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইল অসুস্থ হয়ে পড়েছেন বা তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল সেনাবাহিনী- এ রকম কয়েকটি খবর স্রেফ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কয়েকজন সরকারি কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

শুক্রবার তারা এ কথা জানান।

এর আগে দক্ষিণ কোরিয়ার একটি সূত্রের বরাত দিয়ে জাপানের জিজি প্রেস জানিয়েছিল, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসানের তার বাড়িতে কিম জং ইলকে গৃহবন্দী করে রাখা হতে পারে।

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র এ ধরনের খবর ভিত্তিহীন বলে জানায়।

দুই কোরিয়ার পুনঃএকত্রিকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এ ধরনের তথ্যের সমর্থনে আমাদের কাছে কোনো তথ্য নেই।”

উত্তর কোরিয়ায় অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ করার কথাও অস্বীকার করেন তিনি।

এছাড়া, সউলের এক গোয়েন্দা কর্মকর্তা জিজি প্রেসের খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছেন।

এ ধরনের খবরের সত্যতা অস্বীকার করেছে জাপানও।

জাপানী মন্ত্রীপরিষদের প্রধান সচিব ইয়াসুহিসা শিয়োজাকিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ধরনের কোনো খবর তার কানে আসেনি।