যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার হুমকি জাওয়াহিরির
মুসলিম দেশগুলোর প্রতি ওয়াশিংটন তার নীতি না বদলালে ’কল্পনার বাইরে ভয়াবহ কিছু’ অপেক্ষা করছে আমেরিকানদের জন্য। এ হুঁশিয়ারি দিয়েছেন আইমান আল জাওয়াহিরি।
গত বুধবার ইন্টারনেটে দেওয়া একটি ভিডিওটেপে এ হুমকি দেন আল কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা।
মার্কিনিদের লক্ষ্য করে তিনি বলেন, “ইসলামী আক্রোশের মুখোমুখি হয়েছেন আপনারা... যদি আপনারা (বর্তমান নীতিতে) অটল থাকেন, তাহলে ভয়াবহ কিছু অপেক্ষায় আছে আপনাদের জন্য যা আপনারা আগে কখনই দেখেননি,” বলেন জাওয়াহিরি।
যুক্তরাষ্ট্রভিত্তিক এসআইটিই ওয়েবসাইটে এ সপ্তাহের শুরুতে ভিডিওটি দেওয়া হয়। আর এতে নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নেই। সাদা পাগড়ি ও কালো আলখেল্লায় আবৃত জাওয়াহিরির সঙ্গে অবশ্য তার সার্বক্ষণিক সঙ্গী একে--৪৭ অ্যাসল্ট রাইফেলটি ছিল না ভিডিও করার সময়।
জাওয়াহিরি যুক্তরাষ্ট্রবাসীকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা বোঝেন এমন ভাষাতেই আমি কথা বলব; যদি আপনারা নিরাপদে থাকতে চান, তাহলে বাস্তবতাকে মেনে নিন। বুশের ধোঁকাবাজিতে পড়বেন না। আমাদের যদি আঘাত ও হত্যা করা হয়, তাহলে সৃষ্টিকর্তার ইচ্ছায় নিশ্চিত জানুন, আপনাদেরও আঘাত ও হত্যা করা হবে।”
জাওয়াহিরি মার্কিনিদের ‘বিশ্বাস এবং ইতিহাসকে অবিকৃতভাবে’ শেখার আহ্বান জানিয়েছেন বলেন, ‘বুশের ভাড়দের রচনা’টি শিখবেন না।
“মুসলিমদের সঙ্গে সমঝোতার সর্বাত্মক চেষ্টা নিন, কেবল তবেই আপনারা নিরাপদ থাকতে পারবেন। কিন্তু যদি আপনারা বুশ ও তার সাঙ্গপাঙ্গদের নীতিতে তাল মেলান, তাহলেও তা স্বপ্নেও মিলবে না।”
শুধু যুক্তরাষ্ট্র সরকারেই থেমে থাকেনি জাওয়াহিরির ক্রোধ। ইসলামপন্থী প্রতিপক্ষকে হটাতে সোমালিয়ার অন্তর্বর্তী সরকারকে সহায়তার জন্য ইথিওপীয় সেনাবাহিনীকেও প্রতিশোধের প্রত্যয় শুনিয়েছেন তিনি।
“সৃষ্টিকর্তার দয়া ও কৃপায় মুজাহিদরা তাদের মেরুদণ্ড ভেঙে দেবে।”
এখানেও তিনি বুশকে দায়ী করে বলেন, বুশ মার্কিন সেনাদের রক্ষা করতে ইচ্ছে করেই ইথিওপীয়দের ‘নিশ্চিত দুর্বিপাকে’ ঠেলে দিয়েছেন।
ইথিওপিয়া অবশ্য গত মঙ্গলবারই এক বিবৃতিতে জানিয়েছে, লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর সোমালিয়ায় সেনাবাহিনী রাখার পরিকল্পনা তাদের নেই।
জাওয়াহিরি তার বক্তব্যে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার প্রধান সহকর্মী মোহাম্মদ দাহলানের প্রতিও ঘৃণা পোষণ করেন।
দুজনের বিরুদ্ধে ‘ধর্মনিরপেক্ষতার নামে ফিলিস্তিনকে বিক্রি করে দেওয়া’র অভিযোগ এনে এবং তাদের ‘ইসলামী আইনের শত্র“’, ‘বিশ্বাসঘাতক এবং আমেরিকা ও ইসরায়েলের চর’ হিসেবে আখ্যায়িত করেন। এদের দুজনকে পরিত্যাগ করতে ফিলিস্তিনিদের আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য জেহাদই একমাত্র উপায় বলে তিনি রায় দেন।
এছাড়া, গত বছর মধ্য আগস্টে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের মধ্যকার ৩৪ দিনের যুদ্ধে বিরতি টানায় ভূমিকা পালন করা লেবানন সরকার ও রাজনীতিবিদদেরও একহাত নিয়েছেন জাওয়াহিরি।
পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আইন না মানতে, ধর্ম নিরপেক্ষ সংগঠনগুলোকে পরিত্যাগ করতে এবং ইসলামের পতাকাতলে সশস্ত্র হতে।
ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সোমালিয়া, আলজেরিয়া ও চেচনিয়ায় মুসলিম যোদ্ধাদের সহায়তার আহ্বান জানিয়ে আল কায়েদা নেতা বলেন, “আজ প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব হচ্ছে অস্ত্র তুলে নেওয়া এবং যারা তুলে নিয়েছে তাদের সাহায্য ও সহযোগিতা করা।”
