'উত্তর কোরিয়া নিয়ে ভিত্তিহীন প্রচারণায় ক্ষতিগ্রস্ত হয় সউলের অর্থনীতি'
উত্তর কোরিয়াকে নিয়ে কিছু বিদেশি প্রচারমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু--হিয়ুন।
আর এই নেতিবাচক প্রচারে তার দেশের অর্থনীতি ভোগান্তিতে পড়ে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সিউলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রোহ বলেন, “আমার বিশ্বাস অন্তত দক্ষিণ কোরিয়ার প্রচারমাধ্যম উত্তর কোরিয়ার সঙ্কট নিয়ে বিদেশি প্রচারমাধ্যমের অপপ্রচার থেকে দূরে থাকবে।”
যদিও তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেননি বিদেশি প্রচারমাধ্যম বলতে ঠিক কাদের প্রতি তার অভিযোগ। এ সংক্রান্ত কোনো উদাহরণও টানেননি তিনি। ঠিক কোন প্রতিবেদন তার কাছে অপপ্রচার বলে মনে হয়েছে তা জানাননি রোহ।
স্বার্থের সংশ্লিষ্টতাতেই আসতে পারে যুক্তরাষ্ট্রের প্রচারমাধ্যমের নাম। তারা পিয়ংইয়ঙের পরমাণু অস্ত্র কর্মসূচির ওপর তাদের কর্মকর্তাদের গোয়েন্দা মুল্যায়নকেই প্রতিবেদন হিসেবে পেশ করে থাকে। ২০০৬ সালের অক্টোবরে উত্তর কোরিয়া তাদের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে আরো জোরদার হয় তা।
এ প্রসঙ্গে রোহর মন্তব্য, “যুক্তরাষ্ট্রের প্রচারমাধ্যম উত্তর কোরিয়াকে তাদের সরকারের দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করে। উত্তর কোরিয়ার নিন্দিত চিত্রায়ন কিংবা কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বাড়লে তাদের খুব একটা সমস্যা হয় না।”
“যখন উত্তেজনা তুঙ্গে থাকে, আমাদের অর্থনীতি তাৎক্ষণিকভাবে প্রভাবিত হয়, কারণ আমাদের স্বার্থ ভীষণভাবে জড়িত এতে।”
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা অবশ্য বলেছেন, তারা নিজেরাও গোপনীয়তার নিগঢ়ে থাকা উত্তর কোরিয়া সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপাত্তের ওপরই নির্ভর করেন।
এদিকে আগামী মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা আবার শুরু হবে বলে আশাবাদ জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছয় জাতি নিয়ে আয়োজিত এই বৈঠকে দুই কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ আরো অংশ নিচ্ছে স্বাগতিক চীন, জাপান ও রাশিয়া।
রোহ জানিয়েছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং--ইলের সঙ্গে তার শীর্ষবৈঠকটি নির্ভর করছে এই বৈঠকের সাফল্যের ওপর। তবে দক্ষিণ কোরিয়ার প্রচারমাধ্যমের জল্পনা হচ্ছে, বছর খানেকের মেয়াদকাল ফুরানোর আগেই উত্তরের সঙ্গে একটি শীর্ষ বৈঠক আয়োজনে যথেষ্টই আগ্রহী রোহ। এটা একইসঙ্গে তার কমতে থাকা জনপ্রিয়তা ফিরে পাওয়ার একটি প্রয়াস হিসেবেও মানছে তারা।
রোহ অবশ্য বলেছেন, “আমার ধারণা এই মুহূর্তে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে একটি শীর্ষবৈঠক কষ্টকল্পনা মাত্র।”
এর আগে একবারই দুই কোরিয়ার মধ্যে রাষ্ট্রপ্রধান পর্যায়ে শীর্ষ বৈঠক হয়েছিল। ২০০০ সালের জুন মাসে কিম জং--ইলের সঙ্গে সাক্ষাত করতে পিয়ংইয়ং সফরে গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট কিম দায়ে--জুং। তার সেই সফরের সুবাদেই দুদেশের সম্পর্কের উন্নয়নে জোর হাওয়া লাগে।
তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে বর্তমানে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে।
