ঈশ্বর ভারতে বহাল তবিয়তে
ঈশ্বর বহাল তবিয়তেই আছেন ভারতে এবং দিনকে দিন তার অবস্থান আরো শক্তিশালী হচ্ছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপের ফলাফলে মিলেছে এমন তথ্য। এতে দেখা যায়, ৯৩ শতাংশ ভারতীয় বিশ্বাস করেন স্রষ্টা আছেন।
ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমস ও সিএনএন -- আইবিএন এর হয়ে জরিপটি চালায় সেন্টার ফর দি স্টাডি অফ ডেভেলপিং স্টাডিজ (সিএসডিএস)।
মোট সাত হাজার ৬৭০ জনের ওপর জরিপটি চালিয়ে তারা দেখেন, গত পাঁচ বছরে ভারতীয়দের মধ্যে ধর্মবিশ্বাস বেড়েছে।
জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক জানিয়েছেন, তারা ভুত ও জ্যোতিষ শাস্ত্রের ওপর আস্থাশীল। অর্ধেকের বেশি নিয়মিত প্রার্থনায় অংশ নেন। এক চতুর্থাংশ প্রায়ই হাত দেখানোর জন্য জ্যোতিষীদের দ্বারস্থ হন।
ধর্মবিশ্বাস শহরের বিভিন্ন বস্তি ও রাস্তায় আশ্রয় নেওয়াদের মধ্যে প্রবল।
এ প্রসঙ্গে সিএসডিএস কর্মকর্তা সঞ্জয় কুমার ও যোগীন্দ্র যাদব বলেন, “সমাজবিজ্ঞানীরা বলছেন, হতাশা থেকেই ওই নিরাশ্রয় লোকদের মাঝে ধর্মবিশ্বাস প্রবল হয়েছে।”
জরিপে অংশ নিয়েছেন এমন ৩৮ শতাংশ হিন্দু নিজেদের বেশ ধার্মিক বলে চিহ্নিত করেছেন। আর মুসলমান ও শিখদের ক্ষেত্রে এ হার ৫০ শতাংশেরও বেশি।
