কাগুজে মুদ্রায় থাকবেন না জ্ঞানেন্দ্র
নেপালের কাগুজে মুদ্রা থেকে মুছে যেতে পারে রাজা জ্ঞানেন্দ্রর ছবি। সে জায়গায় আসতে পারেন গৌতম বুদ্ধ।
বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন নেপালের অর্থমন্ত্রী রাম শরন মাহাতো।
“এরকম একটি প্রস্তাব করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি,” জানান তিনি।
তবে তিনি জানান, কাগুজে মুদ্রায় রাজার ছবি না থাকার বিষয়টি প্রায় নিশ্চিত।
উল্লেখ্য, গত বছর রাজতন্ত্রবিরোধী প্রবল গণআন্দোলনের মুখে খর্ব করা হয় রাজা জ্ঞানেন্দ্রর ক্ষমতা। তিনি সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা হারান।
ছাব্বিশ’শ বছরেরও বেশি সময় আগে নেপালের দক্ষিণ--পশ্চিমে অবস্থিত লুম্বিনি রাজ্যে জন্ম নেন রাজকুমার গৌতম বুদ্ধ। পরে ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারের বুদ্ধগয়ায় তিনি ‘নির্বাণ’ লাভ করেন।
