২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধে পাকিস্তানের সাহায্য গুরুত্বপূর্ণ: মুশাররফ

পাকিস্তানের সাহায্য ছাড়া মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধে জয়লাভ করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 04:17 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

সৌদি আরব, সিরিয়া ও জর্ডান সফর শেষে বুধবার আবুধাবিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মুশাররফ আবারো তালেবান গেরিলাদের সঙ্গে কোনরকম সম্পর্কের কথা অস্বীকার করেন।

পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা তালেবান নেতা মোল্লা ওমরকে আশ্রয় দিচ্ছেন এবং তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর তত্ত্বাবধানে রয়েছেন- এ অভিযোগ প্রত্যাখান করে তিনি বলেন, “পাকিস্তানের সাহায্য ছাড়া সন্ত্রাসবাদ বা চরমপন্থাবাদ, আল কায়েদা বা তালেবান কোনো কিছুর বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না। আর পাকিস্তানই একমাত্র দেশ যে এ দুটি পক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে।” 

 “আমরা ৩০ হাজার সৈন্য দিয়ে আফগানিস্তানে লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা যথেষ্ট সাহায্য করছি না এটা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে তারাও কিছু করছে না।”

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান অন্য যেকোনো দেশের চেয়ে বেশি তৎপর। এ লড়াইয়ে ইতোমধ্যে ৬০০ জনেরও বেশি পাকিস্তানি নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তালেবান শীর্ষ নেতা মোল্লা ওমরের পাকিস্তানের কোয়েটায় অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে মোশাররফ ব্যঙ্গ করে বলেন, “এ তথ্য শ্রেফ বানোয়াট। যে এ তথ্য দিয়েছে তাকে আমি আমার সঙ্গে পাকিস্তানে নিয়ে যেতে চাই। চলুন, আমরা তাকে ধরে আনি। আমি নিজেই তাকে ধরার চেষ্টা করবো।”

 “হ্যা, মোল্লা ওমর পাকিস্তানে ছিলেন। তবে তখন তার বয়স ছিল মাত্র ১৬। সে সময় পাকিস্তানের এক মাদ্রাসার ছাত্র ছিলেন তিনি। ১৯৯৫ সালে তিনি তালেবানদের সংগঠিত করেন। এরপর আর কখনোই তিনি পাকিস্তানে আসেননি। আফগানিস্তানের কান্দাহার থেকেই তিনি তৎপরতা চালান।”

তিনি স্বীকার করেন, কিছু কিছু পাকিস্তানি তালেবানদের সহায়তা দিচ্ছে।

তবে তিনি বলেন, “আফগানিস্তানের সমস্যার সমাধান আফগানদের হাতেই রয়েছে। পাকিস্তানের এখানে কিছুই করার নেই।”