ভারত সফরে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন। দুদেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নে এবং পরমাণু চুল্লি স্থাপন ও অস্ত্র বিক্রির ব্যাপারে নতুন চুক্তি করতে তিনি এ সফরে গেছেন। এ উদ্দেশ্যে তিনি বৃহস্পতিবার ও শুক্রবার ভারতীয় নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানভ সোমবার জানান, আরো কিছু পরমাণু চুল্লী নির্মাণের জন্য বেশ কয়েক কোটি ডলারের চুক্তি হতে পারে দুদেশের মধ্যে। ভারতে অবশ্য ইতোমধ্যেই রাশিয়ার দুটি পরমাণু চুল্লী নির্মাণাধীন রয়েছে।
সাংবাদিকদের তিনি বলেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাখালিন--৩ এলাকার তেল ও গ্যাস সম্পদ উত্তোলনে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানানোর ব্যাপারে মস্কো আগ্রহী।
তারা ভারতের কাছে ১২৬টি মিগ--৩৫ যুদ্ধবিমানও বিক্রি করতে চান বলে ইভানভ জানান।
এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, কমপক্ষে ৩০০টি রাশিয়ান টি--৯০ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার কেনার পরিকল্পনাও রয়েছে তাদের।
প্রসঙ্গত, শীতল যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে মস্কো ও নয়াদিল্লীর মধ্যকার সম্পর্কে অবনতি ঘটে। এরপর থেকে রাশিয়া সবসময়ই ভারতের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’র সম্পর্ক রেখেছিল। দেশটি এশিয়ার অন্যতম শক্তি ভারতের আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি ভূমিকা রাখার পক্ষেও সমর্থন দিয়ে আসছে।
