ইরানে হামলা মহাবিপর্যয় ডেকে আনবে: এল বারাদি
ইরানে সামরিক হামলা মহাবিপর্যয় ডেকে আনবে এবং দেশটিকে পরমাণু বোমা বানাতে আরো বেশি প্রলুব্ধ করবে বলে সতর্ক করে দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এল বারাদি।
একইসঙ্গে ৩৮জন আন্তর্জাতিক পর্যকেবক্ষকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাটি।
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের পরমাণু বিস্তাররোধ বিষয়ক আলোচনায় বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন এল বারাদি।
তিনি বলেন, ইরানে হামলা চালানো হলে তা হিতে বিপরীত হবে এবং এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের পরও ইরান নিজের অবস্থান থেকে সরে না আসায় দেশটিতে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আশঙ্কার পরিপ্রেক্ষিতে এল বারাদি এ কথা বলেন।
আগেভাগেই ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল নেতিবাচক মনোভাব প্রকাশ করলেও বিগত সপ্তাহগুলোতে উপসাগরীয় এলাকায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। উপসাগরে একটি অতিরিক্ত বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
ইরাকের সহিংসতায় অস্ত্র যোগান ও জঙ্গিদের মদদ দিতে যুক্তরাষ্ট্র ইরানকে আর সুযোগ দেবে না বলেও এ সময় মন্তব্য করেন বুশ।
সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে, খুব শিগগিরই ইরানে হামলা চালানোর পাঁয়তারা করতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
এদিকে গত সোমবার আইএইএর ৩৮ পর্যবেক্ষকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে এর তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু দুদিন পরে ইরান জানায়, তারা এখনো জাতিসংঘ সংস্থাটির সঙ্গে সহযোগিতা চালিয়ে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইরানের প্রতি বৃহস্পতিবার আহ্বান জানায় আইএইএ। ভিয়েনায় সংস্থাটির এক মুখপাত্র বলেন, “ওই নিষেধাজ্ঞার কারণে পরিদর্শন কাজ বিঘিœত হবে না। কারণ, ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের জন্য যোগ্যতাসম্পন্ন আরো অনেক পরিদর্শক তাদের রয়েছে।”
বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
