২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ছুটিতে গেলেন কাতসভ

অবশেষে ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট মোশে কাতসভ। ধর্ষণের অভিযোগে বিচারের সম্মুখীন হওয়ায় সমালোচনার মুখে বুধবার তিনি এ ঘোষণা দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

জাতির উদ্দেশে দেয়া ভাষণে অনেকটাই আবেগতাড়িত হয়ে পড়েন কাতসভ। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকারও করেন তিনি। এ সময় তার পাশে বসা ছিলেন স্ত্রী।

কাতসভ দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি যে নির্দোষ তা প্রমাণের ব্যাপারে দৃঢ় আশাবাদী।”

তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা আখ্যায়িত করে জনগণকে তা বিশ্বাস না করার আহ্বান জানান ইসরায়েলি প্রেসিডেন্ট। পদত্যাগ করবেন না বলেও জানিয়ে দেন তিনি।

কাতসভ জানান, ছুটির বিষয়টি ইতোমধ্যেই পার্লামেন্টকে তিনি জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট এক ভাষণে বলেন, “প্রেসিডেন্টের আর দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি।”

কাতসভের অনুপস্থিতিতে স্পিকার দালিয়া ইজতিক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

ধর্ষণের দায়ে অভিযুক্ত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট--  মঙ্গলবার বিচার মন্ত্রণালয়ের এমন ঘোষণার পর কাতসভের ওপর পদত্যাগের চাপও ক্রমেই বাড়তে থাকে।