২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আরব লীগ মহাসচিবের সতর্কবার্তা

ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন আরব লীগ মহাসচিব আমর মুসা। তার মতে, এ ধরনের ঘটনার পরিণাম হবে ভয়াবহ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 12:59 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসা আরব লীগ মহাসচিব বুধবার সাংবাদিকদের বলেন, “ইরানে হামলা হলে গোটা মধ্যপ্রাচ্যে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়বে এবং তার পরিণাম হবে ভয়াবহ।”

আমর মুসা বলেন, “যুক্তরাষ্ট্রের ইরানে অভিযান পরিচালনার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা যদি হয় তবে তা  যুক্তরাষ্ট্রের জন্য বিপরীত ফল বয়ে আনবে।”

তবে ইরানে মার্কিন হামলার সম্ভাব্যতা নিয়ে বিশদ কিছু জানাননি তিনি।

শিয়া চরমপন্থী সম্পর্কে মুসাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ যে কোন ধরনের চরমপন্থাই খারাপ। চিন্তা বা মতবাদে বা রাজনীতিতে চরমপন্থা অবলম্বন বিপদ বয়ে আনে।”

তবে ইরাকের গেরিলা যোদ্ধাদের অস্ত্র ও বিস্ফোরক প্রযুুক্তি সরবরাহে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা নাকচ করে আরব লীগ মাহাসচিব বলেন, “ইরান ইরাকি চরমপন্থীদের মদদ দিচ্ছে এমন অভিযোগ গ্রহণযোগ্য নয়।”

এদিকে, আমর মুসার বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শন ম্যাককরম্যাক বলেন, “যে কোন ধরনের সংকট উত্তরণে আলোচনার টেবিলকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং হবে। ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বরাবর সহযোগিতাপূর্ণ সম্পর্কই বজায় রেখে আসছে যুক্তরাষ্ট্র।”

তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট বুশ বলেন আলোচনার কোন সুযোগই হাতছাড়া করতে রাজি নন। আমার মনে হয় ইরানের হুমকি মোকাবেলায় আমাদের আরো প্রত্যক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা দরকার।”