ইরাকে সৈন্য পাঠানো নিয়ে সিনেটে বিরোধিতার মুখে বুশ
ইরাকে অতিরিক্ত সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সিনেটে বিরোধিতার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। নতুন ইরাক নীতি বাস্তবায়নে আরেকবার সুযোগ দেওয়ার বুশের আহ্বান উপেক্ষা করেই অতিরিক্ত সৈন্য পাঠানোর বিরোধিতা সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে সিনেটের ‘পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি’। কমিটির বৈঠকে বুধবার ১২-৯ ভোটে বিলটি পাস হয়।
ইরাকে সৈন্য পাঠানোর বিরোধিতা বিষয়ক এই প্রস্তাবে রিপাবলিক দল থেকে একমাত্র ভোটটি দিয়েছেন নেব্রাস্কার চাক হাগেল। প্রস্তাবনাটির খসড়া তৈরিতেও সহযোগিতা করেছিলেন তিনি। আগামী সপ্তাহ নাগাদ বিলটি সিনেটে উত্থাপন করা হবে বলে জানা গেছে।
তবে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ডেমোক্রেট নেতা জোসেফ বিডেন জানিয়েছেন, রিপাবলিকানদের জোরালো সমর্থন আদায়ে বিলটিতে কিছু সংশোধন প্রয়োজন হতে পারে।
তিনি বলেন, “প্রেসিডেন্টকে বিব্রত করার জন্য বিলটি আনা হচ্ছে না, বরং আমরা চাইছি তাকে সতর্ক করে দিতে যাতে তিনি কোনো ভুল না করেন।”
এদিকে, ডেমোক্রেটদের আনা বিলটির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। তিনি বলেন, “কোন বিল বা আইন ইরাকে সৈন্য পাঠানো বা নতুন ইরাক নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে বুশ প্রশাসনকে বিরত করতে পারবে না”।
