হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের প্রতিরক্ষামন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইকুয়েডেরের প্রতিরক্ষামন্ত্রী গুয়াদালুপে লারিভা। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী। মাত্র নয় দিন আগেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
সরকার এবং সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, রাজধানী কুইটোর পূর্বে উপকূলীয় এলাকায় বুধবার দুটি হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের একটিতে ছিলেন লারিভা।
লারিভা ছিলেন ক্ষমতাসীন বামপন্থী সরকারের বেশ জনপ্রিয় এক জন নেতা । তার মৃত্যুতে প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এক জন যোগ্য পরামর্শক হারালেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। দায়িত্ব নিয়েই সেনাবাহিনীর উপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ শক্তিশালী করা, সশস্ত্র বাহিনীর বেতন বৃদ্ধি এবং পদোন্নতির বিষয়টি আরো স্বচ্ছ করার ওপর জোর দেন তিনি।
সদ্ব্যপ্রয়াত প্রতিরক্ষামন্ত্রীর আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করতে প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
