ব্রিটেনে কুমারী কমোডো ড্রাগনের ‘জন্মদান’
কোন পুরুষ ড্রাগনের সঙ্গে মিলন কিংবা সংস্পর্শ ছাড়াই পাঁচটি বাচ্চার জন্ম দিয়েছে ফ্লোরা নামের একটি কুমারী কমোডো ড্রাগন।
ব্রিটেনের চেস্টার চিড়িয়াখানায় বুধবার ওই কমোডো শিশুদের জন্ম হয়।
অন্যান্য সরীসৃপের মধ্যে একক কিংবা কুমারী অবস্থান জন্মদান’র বিষয়টি জানা থাকলেও বিশ্বের বৃহত্তম সরীসৃপ কমোডো ড্রাগন প্রজাতির ক্ষেত্রে একে একটি নতুন ঘটনা বলে দাবি করেছেন সেদেশের বিজ্ঞানীরা।
চেস্টার চিড়িয়াখানার কিউরেটর কেভিন বুলে জানান, বিশেষ ব্যবস্থাপনায় কুমারী মাতা ফ্লোরার সন্তানদের জন্ম হয়। পাঁচটি কমোডো শিশু এবং একইসঙ্গে তাদের ‘মা ও বাবা’ ফ্লোরা সুস্থ আছে বলেও জানান তিনি।
সদ্য ভূমিষ্ট ড্রাগন শিশুদের গড় ওজন ১২৫ গ্রাম। লেজসহ এদের শরীর লম্বায় ১৫ থেকে ১৮ ইঞ্চি । চিড়িয়াখানার বিশেষ কক্ষে এদের রাখা হয়েছে।
ইনকিউবিটরে ফ্লোরার আরও দুটি ডিমে তা দেওয়া হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।
‘নেচার’ জার্নালের ডিসেম্বর সংখ্যায় প্রথম ফ্লোরার ডিম পাড়ার ঘটনা প্রকাশ করেন বিজ্ঞানীরা। তারা জানান, অন্যান্য সরীসৃপের মধ্যে ‘পার্থেনোজেনেসিস’ কিংবা কুমারী অবস্থায় জন্মদান’র বিষয়টি তাদের জানা থাকলেও দুনিয়ার বৃহত্তম সরীসৃপ কমোডো ড্রাগনের এভাবে জন্মদানের ঘটনা তাদের কাছে নতুন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, কমোডো শিশুদের এখনও নাম রাখা হয়নি। শিগগিরই তাদের নাম রাখা হবে বলেই আশা করছেন তারা।
কমোডোরা গড়ে প্রায় ৪০ বছর বেঁচে থাকে।
