পরমাণু অস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়া নমনীয় অবস্থান নিয়েছে: সউল
পরমাণু অস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়া নমনীয় অবস্থান নিয়েছে বলে দাবি করেছে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া।
এর ফলে সমাজতান্ত্রিক দেশটির আনবিক উচ্চাশায় রাশ টানার আশা দেখা দিয়েছে বলে সউল জানায়।
এছাড়া, পিয়ংইয়ঙের মূল পরমাণু আলোচক শিগগিরই আলোচনা নতুন করে শুরুর ইঙ্গিত দিয়েছেন বলেও জানায় প্রতিবেশী দেশটি।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সং সিন--সুন বুধবার সাংবাদিকদের বলেন, “১৯ সেপ্টেম্বরের যৌথ বিবৃতি বাস্তবায়নে ওয়াশিংটন ও সউল ঘণিষ্ঠ আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়াও এতে নমনীয় অবস্থান নিয়েছে।”
“আমি জোর দিয়ে বলতে চাই যে ওই সঙ্কট মোকাবেলায় ১৯ সেপ্টেম্বরের যৌথ বিবৃতি বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ গ্রহণে আমরা একটি মতৈক্যের দিকে এগিয়ে যাচ্ছি।”
ত্রাণ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে পিয়ংইয়ঙের নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধের ইঙ্গিত দেওয়ার পর ছয়--জাতির মধ্যস্থতাকারীরা নীতিগতভাবে একমত হয়ে গত বছর ওই বিবৃতি দেয়।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার আনবিক উচ্চাশা রোধে দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়ার প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এ আলোচনা স্থগিত থাকলেও আগামী মাসের প্রথমার্ধে তা আবারো শুরু হতে পারে। তাতে সত্যিকারের অগ্রগতি হতে পারে বলে আশা করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন প্রতিনিধিরা।
