শিশু অপহরণের সঙ্গে জড়িত শ্রীলঙ্কা সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
যুদ্ধের জন্য শিশু অপহরণের ঘটনায় গেরিলাদের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত শ্রীলঙ্কা সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বুধবার এ অভিযোগ করে।
“শিশু অপহরণ করে তাদেরকে যুদ্ধে নিয়োগের ঘটনায় বহু বছর ধরে তামিল টাইগারদের সমালোচনা করার পর শ্রীলঙ্কা সরকার নিজেই এখন সে একই অপরাধ করছে,” মন্তব্য করেন হিউম্যান রাইটস ওয়াচের শিশু অধিকার বিষয়ক কর্মকর্তা জো বেকার।
শ্রীলঙ্কায় শিশু অপহরণ নিয়ে নিউইয়র্কে বুধবার ১০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।
২০০৪ সালে তামিল গেরিলাদের মূল দল থেকে বেরিয়ে আসা করুণা গ্র“পকে সরকার সহায়তা করছে এবং তাদের যোগসাজশেই এ শিশু অপহরণ করা হচ্ছে বলে অভিযোগ করে হিউম্যান রাইটস ওয়াচ।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার পূর্ব উপকূলে যেসব এলাকায় এ শিশু অপহরণ হচ্ছে তা সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত। সেনাবাহিনীর ক্যাম্প, পুলিশ চেকপয়েন্ট ও নিরপত্তা টহল এড়িয়ে কোনো গেরিলা গ্র“পের পক্ষে ওই অঞ্চল থেকে শিশু অপহরণ সম্ভব নয়।
শুধু অপহরণই নয়, প্রতিষ্ঠিত সামরিক ঘাঁটিতে রেখে অপহৃত শিশুদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। সরকারের অগোচরে সেনা নিয়ন্ত্রিত এলাকায় এ ধরনের প্রশিক্ষণ চালানো সম্ভব নয় বলে মন্তব্য করা হয় ওই প্রতিবেদনে।
করুণা গ্র“পটি সশস্ত্র যুদ্ধ থেকে বেরিয়ে এসে একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তরের চেষ্টা চালাচ্ছে। সরকারের সমর্থন নিয়ে পূর্ব উপকূলের বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানে তামিলদের প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে তারা।
সরকার করুণা গ্র“পকে মদদ দিচ্ছে এবং সেখানকার বাত্তিকালোয়া জেলা শহরসহ অন্যান্য স্থানে তাদের প্রকাশ্য কার্যালয় রয়েছে বলেও অভিযোগ করা হয় প্রতিবেদনে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত মাসে বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানান। তাছাড়া আন্তর্জাতিক সাহায্যকর্মীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দেশটিতে শিশু অপহরণের নিন্দা জানানো হচ্ছিল।
