চীংলিশ নিয়ে বিপত্তি!
সাদৃশ্য আছে, তবে ব্যাপারটা ঠিক এক কাতারের নয়। বাংলিশ নিয়ে আমরা ঠাট্টা মশকরা করি, কিছুটা লজ্জিতও বোধ করি। কিন্তু ভারতে ব্যাপারটা মোটেও তা নয়। ভারতীয়রা বেশ দাপটের সঙ্গেই ইংরেজির মধ্যে হিন্দির মিশেল দিয়ে একটা জোরদার হিংলিশ ভাষা দাড় করিয়ে ফেলেছে। হিন্দি মুভি, টিভি সিরিয়াল থেকে শুরু করে দেশি--বিদেশী পত্রপত্রিকাতেও তার অজস্র উদাহরণ মেলে।
একইভাবে চালু হয়ে গেছে ফ্রাংলিশ, স্প্যাংলিশ, সিংলিশ ইত্যাদি।
তবে বিপত্তি দেখা দিয়েছে চিংলিশ নিয়ে। চীনাদের ইংরেজির ভুল অনুবাদ, তার দৃষ্টিকটুরকম ব্যবহার নিয়েই চরম গোল বেঁধেছে।
ঝামেলাটা বিশেষভাবে বাধে যখন কোনো বিদেশী পর্যটক চীনে এসে ইংরেজি চিহ্ন বা সাইনবোর্ডগুলোর ওপর নির্ভর করেন। তারা রীতিমতো ভিমড়ি খান চীনে ইংরেজির নজিরবিহীন ব্যবহার দেখে।
নমুনা দেওয়া যাক। ট্যাক্সি দরকার। ইংরেজিতে একটা ফলক খুঁজবেন যেকোনো বিদেশী। তিনি তা পাবেন। কিন্তু পড়ার পর মাথামুণ্ডু কিছুই বুঝবেন না। কারণ ইংরেজিতে যা লেখা তার ভাবানুবাদ হচ্ছে, ‘ট্যাক্সিতে অতিথিকে সামনে দাঁড়িয়ে থাকতে হবে’।
এমন আরো রয়েছে। দোকান বন্ধ, তাতে ইংরেজিতে লেখা “ব্যবসা এখন লাটে”!
স্বাভাবিকভাবেই ইংরেজিতে শিক্ষিত চীনারা একটু বিব্রত এই ঘটনাতে। এদের একজন লি ইয়ংলি। পেশায় শিক্ষক বেইজিংয়ের এই অধিবাসী গত বছর তিনেক ধরে ক্যামেরায় তুলে ধরছেন চীনের রাজধানীতে হাস্যকর এসব চিহ্নফলক। ২০০৩ সালে øাতকোত্তর পড়াশুনোর সময় ব্যাপারটা নজরে আসে তার। তখন থেকেই ক্যামেরা হাতে ফ্রেমবন্দী করে যাচ্ছেন লি। এবং তা গোচরে আনছেন স্থানীয় মিডিয়ারও।
“চীনে ইংরেজি পড়ানো হয় ব্যাপকভাবে। কিন্তু নিত্যদিন তা ব্যবহার করার নজির খুব কম। নিত্যব্যবহার্য অনেক ইংরেজি শব্দ ছাড়াও রাস্তা--ঘাটে নজরে আসা চিহ্নফলকের অনেক শব্দই পাঠ্যপুস্তকে নেই চীনে,” বলেন তিনি।
সমস্যাটা তার মতে অশিক্ষার প্রভাবেই। “ফলে এসব চিহ্ন কোথায় মানুষের উপকারে আসবে তা নয়, উল্টো আরো ঝামেলা পাকাচ্ছে।”
অভিযোগের তর্জনি তুলেছেন তিনি সরকারের দিকেও, “সরকার এই ব্যাপারটা নিয়ে একদমই সচেতন নয়। ”
সচেতন যে চীনা সরকার একেবারেই নয়, তাও নয়। আগামী বছর ২০০৮ সালে এই বেইজিংয়েই বসছে অলিম্পিকের আসর। একটি বিশেষ বিভাগ এই সমস্যা সমাধানের দায়িত্ব নিয়েছেন।
কিন্তু তারপরও লি একে যথেষ্ট মানছেন না, “তাদের উচিত মান নির্দিষ্ট করে দিয়ে একটা বই বের করা, যা এসব চিহ্ন তৈরির সঙ্গে জড়িত লোকজন অনুসরণ করবে। মজার ব্যাপার হচ্ছে চীনে জাতীয় ভাষা কমিশন রয়েছে, কিন্তু তার চীনা ভাষা নিয়ে কাজ করে, ইংরেজি নিয়ে নয়। অনেকেই বলেন যে অভিধান দেখলেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু অনুবাদ ব্যাপারটা মোটেই তা নয়।”
যোগ করে বলেন লি, “না বুঝেই লোকে চিহ্নফলকে ইংরেজি ব্যবহার করে, অনেকটা ফ্যাশন হিসেবে। ইংরেজির ওপর অনেক বই পাওয়া যায়, কিন্তু ইংরেজি চিহ্ন নিয়ে একটিও নেই। তাই লোকে অনুসরণ করার জন্য কোনো নমুনা তো হাতে পাচ্ছে না।”
