সুদানি বিমান ছিনতাইকারী চাদে গ্রেপ্তার
খার্তৃম থেকে শতাধিক আরোহী নিয়ে বুধবার নিজ দেশের একটি বিমান ছিনতাইকারী এক সুদানি চাদে গ্রেপ্তার হয়েছেন।
বিমানটিকে ছিনতাইকারী চাদের রাজধানী এনজামেনায় নিয়ে যেতে বাধ্য করেন। সেখানে তিনি ফরাসি দূতাবাসের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তবে চাদ কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।
চাদের অবকাঠামো মন্ত্রী এদোয়ুম ইউনুসমি জানিয়েছেন, ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চাদ সন্ত্রাসীদের জন্য স্বর্গরাজ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ছিনতাই করা বোয়িং ৭৩৭ বিমানটির পরিচালনা প্রতিষ্ঠান এয়ার ওয়েস্ট এর বাণিজ্যিক পরিচালক আহমেদ সালিহ জানান, স্থানীয় সময় সকাল ৯টার (গ্রিনিচ মান সময় ৬টা) সময় বিমানটি ছিনতাই হয়। বিমানে ওই সময় ১০৩ জন আরোহী ছিলেন। একে--৪৭ রাইফেলধারী ছিনতাইকারী বিমানটিকে এনজামেনার দিকে যেতে বাধ্য করেন।
ফরাসি রাষ্ট্রদূত ওই সময় বিমানবন্দরে গিয়ে ছিনতাইকারীর সঙ্গে কথা বলেন বলে জানান আহমেদ সালিহ। তিনি বলেন, “বিমানের সব যাত্রী নিরাপদে আছেন”। তবে ছিনতাইকারীরা কিভাবে অস্ত্র নিয়ে বিমানে উঠেছিল তা এখনো স্পষ্ট নয়।
