২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি মন্ত্রীর গাড়িতে গুলি, দেহরক্ষী নিহত

বাগদাদে বুধবার এক ইরাকি মন্ত্রীর গাড়িতে গুলি বর্ষণ করেছে বন্দুকধারীরা। এতে মন্ত্রী বেঁচে গেলেও তার এক দেহরক্ষী নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 03:02 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

উচ্চ শিক্ষামন্ত্রী আবদ দিয়াব আল আজিলি রয়টার্সকে বলেন, “দক্ষিণ বাগদাদের দোরা এলাকায় রাস্তায় হঠাৎ করেই আমার গাড়িতে হামলা হয়। বন্দুকধারীরা কয়েকটি স্থানে অবস্থান নিয়ে গুলি চালাতে থাকে। এতে আমার এক দেহরক্ষী নিহত হয়। গুলিবিদ্ধ অপর এক দেহরক্ষীর অবস্থাও আশঙ্কাজনক। তার মাথায় গুলি লেগেছে।”

তিনি আরো বলেন, “আমি অবাক হয়েছি, ওই এলাকায় কোনো মার্কিন কিংবা ইরাকি সেনা তো ছিলই না, কোনো পুলিশকেও আমি দেখিনি।”

তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “সম্ভবত মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। কেননা, যেখানে তার ওপর আক্রমণ হয়েছেন সে পথটি সাধারণত তিনি ব্যবহার করেন না।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বাগদাদে গোলাগুলির ঘটনা বেড়েছে।