ইহুদি নিধনযজ্ঞ নিয়ে সংশয়ের বিরুদ্ধে জাতিসংঘে মার্কিন প্রস্তাব
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদিনিধনযজ্ঞ নিয়ে সংশয় প্রকাশ করার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে মঙ্গলবার একটি প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র।
ইউরোপসহ বিভিন্ন দেশের বক্তাদের অংশগ্রহণে ইরানের ইহুদি নিধনযজ্ঞ সম্মেলন আয়োজনের পরিপ্রেক্ষিতেই জাতিসংঘে এ প্রস্তাব আনা হল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯২টি সদস্য দেশের মধ্যে ইউরোপের সব দেশ, ইসরায়েল, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ মোট ৭২টি দেশ যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবকে সমর্থন দিচ্ছে বলে জানা গেছে।
সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার এ প্রস্তাবের ওপর ভোট গ্রহণের আশা করছে মার্কিনিরা।
২৭ জানুয়ারিকে ‘আন্তর্জাতিক ইহুদি নিধনযজ্ঞ স্মরণ দিবস’ হিসেবে ঘোষণা করার দাবিতে ২০০৪ সালে আনা একটি প্রস্তাবের পক্ষে ১০৪টি সদস্য দেশের সমর্থন আদায় করা এ মার্কিন প্রস্তাবের লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিবিদরা।
মার্কিন প্রস্তাবটিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা না হলেও বলা হয়েছে , “একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে ইহুদি নিধনযজ্ঞের আংশিক বা পূর্ণাঙ্গ কোনো ধরনের অস্বীকৃতি কিংবা সে লক্ষ্যে যেকোনো তৎপরতা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
২০০৪ সালের প্রস্তাবটিতে ইহুদি নিধনযজ্ঞ নিয়ে সংশয়ের সমালোচনার পাশাপাশি জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ ও বৈষম্যেরও নিন্দা জানানো হয়েছিল। এর পরপরই ২০০৫ সালে ইরানের ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইহুদি নিধনযজ্ঞকে একটি ‘কল্পকথা’ হিসেবে অভিহিত করেন এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একটি ‘দুষ্টক্ষত’ হিসেবে উল্লেখ করে বিশ্বজুড়ে সমালোচিত হন।
জাতিসংঘের নতুন মহাসচিব বান কি মুন গত সপ্তাহে এক বিবৃতিতে ইহুদি নিধনযজ্ঞকে অনস্বীকার্য এবং নজিরবিহীন একটি বিয়োগান্তক ঘটনা হিসেবে আখ্যায়িত করেন।
এ ঐতিহাসিক ঘটনা নিয়ে সংশয় প্রকাশ করেন কিংবা একে অস্বীকার করেন এমন পথভ্রষ্টদের কারণেই ইহুদি নিধনযজ্ঞকে মর্যাদার সঙ্গে স্মরণ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
