ভারতে ইউপিএ সরকারের জনপ্রিয়তা তুঙ্গে
ভারতে ক্ষমতাসীন ইউপিএ সরকারের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সর্ব সাম্প্রতিক এক জরিপে ফুটে উঠেছে এ চিত্র। জরিপের ফলাফলে দেখা যায়, এ মুহূর্তে নির্বাচন হলে কংগ্রেস নেতৃত্বাধীন মোর্চা বিপুল ভোটে বিজয়ী হবে।
ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালয়েন্স(ইউপিএ) বা সংযুক্ত প্রগতিশীল মোর্চার শাসনের তিন বছরের মাথায় জরিপটি চালায় সেন্টার ফর ডেভেলপিং সোসাইটিজ। সহায়কের ভূমিকায় ছিল ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমস ও সিএনএন -- আইবিএন টেলিভিশন।
জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ জুড়ে দেশের ২৯ রাজ্যের ৯৭০টি শহর ও ২১ গ্রামের ১৫ হাজার ৩৭৩ জন ব্যক্তি জরিপটিতে অংশ নেন।
জরিপে অংশ নেওয়া বেশিরভাগ ইউপিএ মোর্চার পক্ষে সমর্থন জানালেও প্রধানমন্ত্রী পদে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকেই তারা দেখতে চান বলে জানান। জনপ্রিয়তায় বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থান তৃতীয়। আর পছন্দের কাতারে সোনিয়া গান্ধীর পরের অবস্থানটি সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ির।
জরিপে দেখা যায়, এখন যদি নির্বাচন হয়, তাহলে ইউপিএ মোর্চা কমপক্ষে তিন শ’ আসন পাবে। আর বিরোধী বিজেপি জোট পাবে ১১৫ আসন। অভ্যন্তরীণ কোন্দলই বিজেপির প্রতি সবার আস্থা নষ্ট করেছে বলে জরিপে অংশগ্রহণকারীরা অভিমত প্রকাশ করেছেন।
২০০৪ সালের নির্বাচনে ইউপিএ পায় ২২২টি আসন। পক্ষান্তরে বিজেপি পায় ১৮৯টি।
