ইরাক নিয়ে আরেকবার সুযোগ দিন: বুশ
ইরাক নিয়ে কাজ করতে আরেকবার সুযোগ চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ। মঙ্গলবার কংগ্রেসে স্টেট অফ ইউনিয়ন ভাষণে তিনি বলেন, “যুদ্ধের একটি চূড়ান্ত ফলাফল পাওয়ার ব্যাপারটি এখনও আমাদের হাতে আছে। তাই আমাদের উচিত সমাধান খুঁজে বের করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া। সে জন্য আরেক বার সুযোগ দিন আমাকে।”
ইরাকে নতুন কৌশল কাজে লাগানোর জন্য ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট বুশ বলেন, “অনেক মতভিন্নতার মধ্যেও আগের মত এখনও আমরা আমেরিকার জনগণের স্বার্থে এক হয়ে কাজ করতে পারি।”
কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটাই বুশের প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণ। প্রথা অনুযায়ী প্রতি বছর একবার মার্কিন প্রেসিডেন্ট এক বার এ ভাষণ দেন।
জর্জ বুশ তার নতুন ইরাক নীতির সপক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “অতিরিক্ত ২১ হাজার সৈন্য পাঠানো সেখানে সাফল্য লাভের সবচেয়ে ভালো উপায়।”
ইরাক থেকে সৈন্য প্রত্যাহারে ডেমোক্রেটদের দাবির বিরোধিতা করে বুশ বলেন, “ইরাকে যুদ্ধ শেষ হয়নি। সেখানে এখনো আমরা যুদ্ধের মধ্যে রয়েিেছ। সুতরাং এ মুহূর্তে সৈন্য প্রত্যাহার কোনোভাবেই সুবিবেচনাপ্রসূত হবে না।”
এদিকে বুশের ভাষণ প্রীত করতে পারেনি ডেমোক্রেটদের। প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রেইড যৌথ এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্টের ভাষণে এটাই প্রতীয়মান হচ্ছে যে ইরাক যুদ্ধের ব্যাপারে তিনি আমেরিকার জনগণের মতামতকে কোনো গুরুত্ব দিচ্ছেন না।”
ম্যাসাচুটসের ডেমোক্রেট সিনেটর এডওয়ার্ড কেনেডি রসিকতাচ্ছলে বললেন, “তার ভাষণের মাত্র দুটো শব্দই গ্রহণযোগ্য। এ দুটো হচ্ছে ‘ম্যাডাম স্পিকার’।”
প্রসঙ্গত, ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজের পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপের ফলাফলে দেখা যায়, ইরাকে অতিরিক্ত সৈন্য পাঠানোর বুশের সিদ্ধান্তে মাত্র ৩৩ শতাংশ মার্কিনি সমর্থন করছেন।
