বিক্ষোভে অচল লেবানন, নিহত ৩
সরকার বিরোধী বিক্ষোভে অচল হয়ে পড়েছে লেবানন। হিজবুল্লাহ ও এর সহযোগী দলগুলো রাস্তায় রাস্তায় অবরোধ তৈরি করেছে। মঙ্গলবার বিভিন্ন স্থানে সরকার সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে তিন জন।
সরকার পতনে হিববুল্লাহর মিত্র শিয়া ও খ্রিস্টান দলগুলো মঙ্গলবার দেশব্যাপী এ অবরোধের ডাক দেয়। তবে পশ্চিমা সমর্থিত সুন্নি প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা ক্ষমতা না ছাড়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছেন।
বিরোধী দলগুলো হুমকি দিয়েছে, সরকার যদি ক্ষমতা না ছেড়ে অবিলম্বে নতুন নির্বাচনের ঘোষণা না দেয় তবে তারা আরো কঠোর কর্মসূচি দেবে। আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন এক হিজবুল্লাহ নেতা।
প্রধানমন্ত্রী সিনিওরা এক টিভি ভাষণে দেশকে অস্থিতিশীল করার যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দেন তিনি।
পুলিশ জানায়, বার্তুন শহরে বিরোধী সমর্থকদের হামলায় সরকার সমর্থক এক কর্মী নিহত হয়েছেন। এছাড়া সুন্নিপ্রধান ত্রিপলি বন্দর এলাকায় দু’পক্ষে সংঘর্ষে নিহত হন দুই জন। সারাদেশে সংঘর্ষে দেড় শতাধিক আহত হয়েছেন বলে পুলিশ জানায়। সংঘর্ষ মোকাবেলায় পুলিশসহ নিরাপত্তা রক্ষীরা সতর্ক অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর কয়েকটি স্থান থেকে বুধবার অবরোধ তুলে নিয়েছে বিরোধীরা।
এদিকে লেবাননে অবনতিশীল পরিস্থিতিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সব রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। এই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বিবদমান দলগুলোকে সংলাপে বসার আহ্বানও জানান তিনি।
