২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে গেলেন কাতসভ

ছুটি নিচ্ছেন ইসরায়েলি প্রেসিডেন্ট মোশে কাতসভ। ইসরায়েলি প্রচারমাধ্যম সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগের রায় হওয়ার আগেই কাতসভ বুধবার পার্লামেন্টকে জানিয়েছেন তার এই সিদ্ধান্তের কথা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

প্রেসিডেন্ট পদের মেয়াদ পূর্তির ছয় মাস বাকি থাকতেই ছুটিতে গেলেন তিনি।

বুধবার জাতির উদ্দেশ্যে তার ভাষণের ঘণ্টা কয়েক আগে সংসদের স্পিকার দালিয়া ইজতিকের কাছে নাকি এক চিঠি দিয়েছেন তিনি।

ইসরায়েলি রেডিও ও চ্যানেল টু টেলিভিশন এক প্রতিবেদনে একথা জানালেও কাতসভের মুখপাত্র এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

এর আগে তার ওপর পদত্যাগের চাপ ক্রমশ বাড়তে থাকে।

“এখন মানে মানেই সরে যাওয়া উচিত মোশে কাতসভের। তাহলে প্রেসিডেন্ট পদটির সম্মানও রক্ষা পায়,” বলেছিলেন ইসরায়েলের লিকুদ পার্টি সমর্থক আইনজীবী জিদন সার।

ধর্ষণের দায়ে অভিযুক্ত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট--  মঙ্গলবার বিচার মন্ত্রণালয়ের এমন ঘোষণার পর কাতসভের ওপর পদত্যাগের চাপ ক্রমেই বাড়তে শুরু করে।

কাতসভ অবশ্য ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। বিষয়টি নিয়ে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবারের পর এই প্রথম মুখ খুলতে যাচ্ছেন ইরানি বংশোদ্ভূত এই ইসরায়েলি প্রেসিডেন্ট। এর আগে স্থানীয় পত্র--পত্রিকাগুলো তার সাময়িক ছুটিতে যাওয়ার ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছিল।

ইসরায়েলের আইন অনুযায়ী দায়িত্ব পালনরত অবস্থায় কোনো প্রেসিডেন্ট শুনানিতে উপস্থিত থাকতে পারেন না। বিষয়টি ইসরায়েলিদের কাছেও নতুন। কেননা, এর আগে কোনো প্রেসিডেন্ট এ ধরনের ফৌজদারি অভিযোগের সম্মুখীন হননি।

প্রেসিডেন্টের সমালোচনায় মুখর এখন ডানপন্থী ও বামপন্থী উভয়ই গোষ্ঠীই। বামপন্থী মেরেৎস পার্টির সাংসদ জাহাবা গ্যাল অন জানিয়েছেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট আনতে তারা ইতোমধ্যেই ৯০ জন সংসদ সদস্যের স্বাক্ষর গ্রহণের কাজ শুরু করেছেন।

একই দলের ইয়োসি বেইলিন বলেন, “আমি প্রার্থনা করছি এ ধরনের ঘটনা যেন দেখতে না হয়।”

তবে প্রেসিডেন্টের কৌঁসুলি ডেভিড লিবাই বলেন, “প্রেসিডেন্টের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে বিন্দুমাত্র সত্যতা নেই। এর মূল উদ্দেশ্য তাকে পদ থেকে হটানো। বিচারে প্রেসিডেন্ট অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।”

গত বছর বেশ কজন সাবেক কর্মচারী যৌন হয়রানির অভিযোগ এনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি বিচার মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, “অ্যাটর্নি জেনারেল ও রাষ্ট্রীয় কৌঁসুলি একমত হয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন যে প্রেসিডেন্টকে অভিযুক্ত করার জন্য যথেষ্ট প্রাথমিক প্রমাণাদি তাদের হাতে রয়েছে। এর মধ্যে একটি ধর্ষণের অভিযোগ।’

২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোশে কাতসভ। প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিমন পেরেজকে। এখন উপ--প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ৮৩ বছর বয়সী পেরেজ।