ধর্মঘট সংঘর্ষে অচল লেবানন, গুলিতে আহত ১২
সরকার পতনের দাবিতে সাধারণ ধর্মঘটের প্রথম দিনে রাস্তায় রাস্তায় অবরোধ সংঘর্ষ ও গোলাগুলিতে মঙ্গলবার অচল হয়ে পড়ে লেবানন। হিজবুল্লাহ নেতৃত্বাধীন বিরোধীদলীয় কর্মীদের সঙ্গে নিরপত্তা বাহিনী এবং সরকার সমর্থকদের সংঘর্ষ হয় দফায় দফায় । বিভিন্ন গ্র“পের মধ্যে গোলাগুলিতে আহত হয় কমপক্ষে ১২ জন। হাজার হাজার শিয়া মুসলিম ও খ্রিস্টান বিক্ষোভকারীরা বৈরুতের প্রধান সড়কগুলো এবং দেশের অন্যান্য স্থানে অবরোধ সৃষ্টি করলে অবরুদ্ধ হয়ে পড়ে পুরো দেশ। বৈরুতের অধিকাংশ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, অফিস আদালত খোলেনি এবং রাস্তাঘাটে যান চলাচল করেনি। সারাদিন ধরে বৈরুতের আাকাশ ছিল কালো ধোঁয়ায় ঢাকা। হিজবুল্লাহ নেতৃত্বাধীন বিরোধীদল পশ্চিমা সমর্থক সরকারের পতন, নতুন যুক্ত প্রশাসন গঠন এবং আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন করছে।
অবরোধকারীরা বৈরুত, উত্তর, দক্ষিণ এবং পশ্চিম লেবাননে সকাল ৬টায় রাস্তায় নেমে অবরোধ শুরু করে। জ্বলন্ত টায়ারের ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। কালো মুখোশে মুখ আবৃত করে মুখে ওয়াকিটকি ধরে হিজর্বুলাহ সংগঠকরা মোটরসাইকেলে টহল দিয়েছে।
বৈরুতের অভ্যন্তরের অধিকাংশ প্রধান সড়ক এবং শহরে ঢোকার রাস্তাগুলো ছিল বন্ধ। রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণ লেবাননের মহাসড়কগুলোও ছিল বন্ধ। সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে সংযোগ সড়কগুলোর অবস্থাও তাই।
লেবাননের একমাত্র বিমানবন্দর এবং বৈরুত বন্দরের সংযোগ সড়কও ছিল অবরুদ্ধ। সরকারি সূত্র জানায়, বিমানবন্দরের কাজকর্ম চলেছে। তবে কর্মচারীর সংখ্যা ছিল কম এবং কোনো যাত্রী বিমানবন্দরে ঢুকতে পারেনি।
উত্তরাঞ্চলীয় খ্রিস্টান অধ্যুষিত গ্রাম হালবায় সরকার ও বিরোধীদলীয় কর্মীদের মধ্যে বন্দুক যুদ্ধে ছয়জন আহত হয়। আহতদের একজনের অবস্থা গুরুতর।
এক বন্দুকধারীর গুলিতে বিবলোস শহরে তিনজন আহত হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বেত্রাওনে দুই বিক্ষোভকারী আহত হয়। একজন এসএসএনপি সদস্য সোফার গ্রামের কাছে মাথায় গুলিবিদ্ধ হয়েছে।
এ ছাড়া আর কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন স্থানে সরকারি ও বিরোধীদলীয় কর্মীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
লেবানিজ নিরাপত্তা বাহিনী রাস্তাঘাট চালু রাখতে ব্যাপক প্রস্তুতি নিলেও অবরোধকারীদের প্রতিরোধের মুখে তেমন সুবিধা হয়নি। দক্ষিণ বৈরুতের হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে তারা কোনো বাধা দেয়ার চেষ্টা করেনি।
শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলের জামিল ওহাব রয়টারকে বলেন,“এ সরকার জানে শুধু বল প্রয়োগ করতে। এ শুধু একটি শিক্ষা। তাদের বিদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”
প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার সরকার এদিকে কোনো গুরুত্ব না দিয়ে আগামী বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিতব্য সাহায্য সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। আশা করা হচ্ছে এ সম্মেলন থেকে লেবাননের ঋণগ্রস্ত অর্থনীতির জন্য কয়েক বিলিয়ন ডলারের সহায়তা পাওয়া যাবে।
ধর্মঘট শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সিনিওরা লেবানন ছেড়ে প্যারিসের উদ্দেশে চলে গেছেন বলে যে খবর ছড়িয়ে পড়েছিল তা অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা । প্রধানমন্ত্রীর এক সহকারি বলেছেন, “আমরা এখনও এখানে (বৈরুত) আছি।”
হিজবুল্লাহ সমর্থকরা স্লোগান দিচ্ছে “ সিনিওরা নিপাত যাক, সরকারের পতন হোক।”
বিরোধীদলের এ আন্দোলন শুরু হয় ডিম্বেরে যখন বৈরুতে একটি শান্তিপূর্ণ সমাবেশ হলেও একজন সরকার বিরোধী কর্মী গুলিতে নিহত হয়েছিলেন।
হিজবুল্লাহ নেতা নসরল্লাহ বলেছেন, সরকারি রাজনীতিকরা চান লেবাননে সন্ত্রাস হোক। অথচ এ দেশটি এখনও ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত সময়ব্যাপী গৃহযুদ্ধের ক্ষতি মলে উঠতে পারেনি।
তিনি আরও বলেন, “আমরা আন্দোলন করব। তোমরা যদি আমাদের রাস্তায় হত্যা করতে চাও তাহলে করো। আমরা আমাদের অস্ত্র তোমাদের বিরুদ্ধে তুলব না।”
এ পরিস্থিতিতে লেবাননে মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
সুন্নি নেতা সাদ আল-হারিরি সরকারের সমর্থক হলেও বিরোধীদলে রয়েছে দুই শিয়া দল হিজবুল্লাহ ও আমল। সরকার এবং বিরোধীদল দু’জায়গাতেই খ্রিস্টানদের উপস্থিতি আছে।
