২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরিয়াল কিলার' এর বিচার শুরু

কসাইগিরিটা মানুষের শরীরের ওপর করত সে। মৃত মানুষের। আরো নির্দিষ্ট করে বললে মেয়েদের। একের পর এক বীভৎস খুন করে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিযুক্ত রবার্ট ‘উইলি’ পিকটন অবশেষে দাঁড়িয়েছে আদালতের কাঠগড়ায়। গতকাল সোমবার কানাডার একটি আদালতে শুরু হয়েছে তার বিচার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আর একটির জন্য হাফসেঞ্চুরি পুরো হলোনা! ভ্যাঙ্কুভারের একটি শুকর খামারের মালিক পিকটনের আক্ষেপ হতেই পারে। আদালতে বাদী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন ঠিক এ কথাই সে বলেছিল ছদ্মবেশী এক পুলিশ কর্মকর্তাকে--আর একটি খুন করে সে শিকার সংখ্যা ৫০ করতে চায়। ৪৯টি মেয়ের খুনী পিকটনের বিরুদ্ধে আরো অভিযোগ সে খুনের পর লাশ নিয়ে বিকৃত উন্মাদনায় তা টুকরো টুকরো করত। আইনজীবিদের একজন ডেরিল প্রেভেট আদালতকে বলেছেন, ‘সে তাদের খুন করত, তাদের শরীরকে খণ্ড--বিখণ্ড করত আর তারপর তা গুম করত।’ বিচারের প্রথম দিনেই যে ইঙ্গিত মিলেছে তা ভয়াল ছবির গল্পের চেয়েও গা শিরশিরে। মোটের ওপর কানাডার সর্বকালের কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবেই প্রতিষ্ঠা করতে যাচ্ছে ৫৭ বছর বয়সী পিকটনকে।

সাকুল্যে সংখ্যাটা ৪৯ হলেও পিকটনের বিরুদ্ধে মামলায় ২৬ জনকে খুন করার অভিযোগ আনা হয়েছে। জুরিদের সুবিধের জন্য আদালত দুটো ভাগে ভাগ করেছেন বিচারকাজকে। গতকাল শুরু হয়েছে ৬টি হত্যা অভিযোগের বিচার। এদের প্রত্যেকের দেহবাশেষ উদ্ধার করা হয়েছিল পিকটনের খামার থেকে।

নিহতদের স্বজনদের ভিড়ে পূর্ণ আদালতে কাঠগড়ায় দাঁড়ানো পিকটনের মুখ ছিল অভিব্যক্তিশূণ্য। সোজা সামনের দিকে তাকিয়ে ছিল সে। এবং একইসঙ্গে তার দাবি, সে নির্দোষ! তার পক্ষের আইনজীবী পিটার রিচির মতে ৬ জন মেয়েকে খুন করা হয়েছে, তাদের লাশ পিকটনের খামারে পাওয়া গেছে সবই সত্যি। কিন্তু তারপরও পিকটন খুনী নয়। রিচির বক্তব্য তার আইনি প্রতিপক্ষ পুরো ছবিটা তুলে ধরেননি। আভাস দিয়েছেন ‘পিকটনের খামারে প্রবেশাধিকার ছিল এমন কেউই খুনী’- ধারণাটা প্রতিষ্ঠার প্রয়াস নেবেন তিনি। এর আগে বাদী পক্ষের আইনজীবীরা আদালতকে আরো জানান তাদের হাতে একটি ভিডিও টেপ রয়েছে, যাতে পিকটন ছদ্মবেশে থাকা একজন পুলিশ অফিসারকে প্রথমে ইশারায় জানায় সে ৫০টি মেয়েকে খুন করতে চায়। প্রেভেট বলেছেন, ‘পিকটন ইঙ্গিতটি এরপর মুখেও বলে। সে জানায় আরো একটি খুন করে ৫০ পুরো করতে চায়।’ যদিও পিকটনের বক্তব্যকে ঠিক স্বীকারোক্তি হিসেবে পেশ করছেন না তারা।

খুনের প্রমাণ হিসেবে আইনজীবিরা আদালতে রোমহর্ষক সব নমুনা হাজির করতে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে বালতিতে রাখা দুটো মাথা যা শিকারদের পাসহ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। নিহতদের একজনের ডিএনএ সম্বলিত যান্ত্রিক পুরষাঙ্গ লাগানো একটি আগ্নেয়াস্ত্র। পিকটনের শিকারদের প্রত্যেকেই গুলিতে নিহত। আর এদের সবাই ছিল পতিতা যারা ভ্যাঙ্কুভারের পূর্বাঞ্চল থেকে আশির দশকের শেষভাগ থেকে ২০০১ সালের গোড়া পর্যন্ত সময়কালে নিখোজ হয়েছিল। কানাডার সবচেয়ে দরিদ্র অঞ্চল বলে বিবেচিত এই জায়গা থেকে নিখোঁজ হয়েছেন ৬০ জনেরও বেশি দেহপোজীবিনী।

পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের খোঁজে পিকটনের খামারে হানা দিয়েছিল। কিন্তু শিগগিরই তা রূপ নেয় হত্যা তদন্তে। পরের তিন বছরে একে একে উদঘাটিত হতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। নিখোঁজ মেয়েদের ৩১ জনের ডিএনএ মেলে খামার থেকে।

প্রথম বিচারটি শেষ হওয়ার পর শুরু হবে বাকি ২০ জনের হত্যা মামলার শুনানি। দোষী সাব্যস্ত হলে পিকটনকে পেতে হবে আজীবন কারাবাসের শাস্তি। কারণ, কানাডায় মৃত্যুদণ্ডের বিধান নেই।