বাস দুর্ঘটনায় উগান্ডায় ছয় বিদেশি মিশনারি নিহত
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার উগান্ডায় ছয় বিদেশি মিশনারি নিহত এবং অপর ১৩ জন আহত হয়েছেন। নিহত বাস যাত্রীদের মধ্যে আছেন এক আমেরিকান দম্পতি, এক ডাচ দম্পতি এবং দুইজন কেনীয়।
ওই মিনিবাসটি ২১ জন যাত্রী নিয়ে উগান্ডার পূর্বাঞ্চলীয় এক খ্রিস্টীয় তীর্থস্থান থেকে কেনিয়া ফিরছিলেন।
পুলিশের মুখপাত্র এডওয়ার্ড ওকহোম রয়টার্সকে বলেছেন, “একটি টাটা লরীর সাথে এ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়।”
দুইজন আমেরিকান, দুইজন কানাডীয়, তিনজন সুইডিশ এবং ছয়জন কেনীয় নাগরিক মারাত্মক আহত হয়েছেন বলেও তিনি জানান।
মারাত্মক সড়ক দুর্ঘটনা পূর্ব আফ্রিকার একটি অতি স্বাভাবিক ঘটনা। এখানে রাস্তা এবং যানবাহন ব্যবস্থাপনার দুর্বলতা প্রায়ই চোখে পড়ে। সোমবার আরেকটি পৃথক দুর্ঘটনায় উত্তর-পশ্চিম উগান্ডায় একটি বাস উল্টে গেলে কয়েকজন নিহত এবং আহত হন।
