নিজেদের মধ্যে রক্তপাত বন্ধে আব্বাস--মেশাল মতৈক্য
নিজেদের মধ্যে আর রক্তপাত নয়। এ সিদ্ধান্তে পৌঁছেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা খালেদ মেশাল।
রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে তিন ঘণ্টার এক বৈঠকে ঐকমত্যের সরকার গঠনের আলোচনায় এ সিদ্ধান্ত নেন দুজন। বৈঠক শেষে আব্বাস সাংবাদিকদের জানিয়েছেন “আলোচনা ‘ফলপ্রসু’ হয়েছে; ফিলিস্তিনে রক্তপাত বন্ধের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে একমত হয়েছি আমরা।”
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে ঐকমত্যের সরকার গঠনে আলোচনা ভেস্তে যাওয়ার পর আব্বাস আগাম নির্বাচনের আহ্বান জানালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গাজা ও পশ্চিম তীরে। এতে লিপ্ত হয় গত নির্বাচনে জেতা হামাস ও আব্বাস নিয়ন্ত্রিত ফাতাহর গেরিলারা।
গতবছর নির্বাচিত হওয়ার পর হামাস সরকার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অবরোধের চাপে প্রশাসনিক দায়িত্ব পালনে অসুবিধায় পড়ে যায়। তারা ইসরায়েলের অস্তিত্ব স্বীকার ও অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি মেনে চলতে অস্বীকৃতি জানানোয় ওই অবরোধ আরোপ করা হয়।
আব্বাস আশা করছেন, ঐকমত্যের সরকার গঠিত হলে এই অবরোধ তুলে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। তবে হামাস এই সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু শর্তের ব্যাপারে আপত্তির কথা জানিয়েছে।
আব্বাস রোববার বলেন, “আমরা বৈঠক ও আলোচনা চালিয়ে যাব যাতে করে শিগগিরই ফিলিস্তিনের জনগনের অবরুদ্ধ দশার অবসান ঘটে।” হামাস প্রধান মেশালের বক্তব্য, “আমাদের মধ্যে কিছু ব্যাপারে মতানৈক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা ঠিক করে নেওয়া যাবে।”
গত শনিবার হওয়ার কথা থাকলেও বৈঠকটি ভেস্তে গিয়েছিল প্রস্তাবিত নতুন সরকারের কাঠামো ও পশ্চিমা দাবি পূরণের ব্যাপারে একমত না হওয়ায়। রোববার সিরিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারুক আল--শারা দামেস্কে আব্বাস ও মেশালের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন। এরপর আব্বাস ও মেশালের মধ্যে বৈঠক হয়।
হামাস কর্মকর্তারা জানিয়েছেন প্রস্তাবিত সরকারের স্বরাষ্ট্র, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের নিয়োগ আব্বাস ও মেশালের মধ্যে আরো আলোচনা হবে। তারা এও জানিয়েছেন আব্বাস অনুগত ও হামাস কর্মকর্তারা গত কদিনের আলোচনায় সমঝোতায় পৌঁছেছেন যে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াই নেতৃত্ব দেবেন পরবর্তী সরকারের।
গাজায় এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন হামাস অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সালাম ফাইয়াদকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তারই মতো স্বতন্ত্র কারো হাতে ন্যস্ত করা।
গত শনিবার আব্বাস দামেস্কে পৌঁছেন এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন।
