নেপালের দক্ষিণাঞ্চলে কারফিউ জারি
মাধেসি আদিবাসীদের প্রবল বিক্ষোভ ও আন্দোলনের মুখে মঙ্গলবার নেপালের দক্ষিণাঞ্চলের দুটো শহরে কারফিউ জারি করেছে দেশটির সাত দলীয় জোট সরকার।
একজন সরকারি কর্মকর্তা জানান লাহান ও সিরাহা শহরে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ১২ ঘন্টা কারফিউ বলবৎ থাকবে ।
দক্ষিণ নেপালে আন্দোলনরত আদিবাসীদের সঙ্গে সোমবার পুলিশের সংঘর্ষে দুজন নিহত ও বহু মানুষ আহত হলে সেখানকার পরিস্থিতির আরো অবনতি ঘটে।
এ প্রসঙ্গে সিরাহা শহরের প্রশাসক শেখর শ্রেষ্ঠ বলেন, “শহরের পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও আবারো বিক্ষোভ শুরু হলে কী হবে বলা যাচ্ছেনা। সংঘর্ষ ও হত্যা ঠেকাতে লাহান এবং সিরাহা শহরদুটিতে কারফিউ জারি করতে বাধ্য হয়েছি আমরা।”
উল্লেখ্য, নেপালের অন্তর্বর্তী সংবিধানে মাধেসিদের সুযোগ-সুবিধা উপক্ষো করা হয়েছে এ অভিযোগে গত সপ্তাহে তেরাই সমভূমির মাধেসিসহ অন্য জাতিগোষ্ঠির লোকেরা বিক্ষোভ করে।
বিক্ষোভ চলাকালে ১৬ বছরের এক কিশোরকে মাওবাদী যোদ্ধারা গুলি করে হত্যা করলে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।
