মোল্লা ওমর আফগানিস্তানেই আছেন: পাকিস্তান
তালেবানদের শীর্ষ নেতা মোল্লা ওমরের অবস্থান নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। এ নিয়ে সর্বশেষ ইসলামাবাদ দাবি করেছে, মোল্লা ওমর আফগানিস্তানেই রয়েছেন।
গত সপ্তাহে আফগানিস্তানে আটক এক তালেবান মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে কাবুল অভিযোগ করে, মোল্লা ওমর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের আশ্রয়--প্রশ্রয়ে কোয়েটায় অবস্থান করছেন। তাদের এ দাবি তখন নাকচ করে পাকিস্তান।
সোমবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেন, “আমাদের জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গেও প্রতিনিয়ত আমাদের তথ্য বিনিময় হয়। মোল্লা ওমর পাকিস্তানে রয়েছেন, এমন তথ্য কারো হাতেই নেই।” মোল্লা ওমর আফগানিস্তানেই রয়েছেন দাবি করে পাকিস্তানি মুখপাত্র বলেন, “সম্ভবত তিনি কান্দাহারে আছেন এবং সেখান থেকেই মার্কিন ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন।”
তাসনিম আসলাম আরো বলেন, “পাকিস্তান সীমান্তের আফগান শরণার্থী শিবিরগুলো জঙ্গিরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে বলে আমরা সন্দেহ করছি। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান, শরণার্থীদের আফগান ভূখণ্ডে ফিরিয়ে নিতে কার্যকর ব্যবস্থা নিন।”
