তীব্রতর যুদ্ধ এড়াতে শান্তি আলোচনায় বসুন: এলটিটিইর প্রতি শ্রীলঙ্কা সরকার
তীব্রতর যুদ্ধ এড়াতে তামিল টাইগারদের (এলটিটিই) শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।
সোমবার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি পূর্বাঞ্চলীয় তোপিগালার জঙ্গলে অভিযান চালিয়ে বিদ্রোহীদের আরো গভীর জঙ্গলে চলে যেতে বাধ্য করে সেনাবাহিনী।
এরপর তাদের সতর্ক করে এ আহ্বান জানানো হয়।
এর আগে কয়েক সপ্তাহ তীব্র যুদ্ধের পর শুক্রবার বিদ্রোহীদের উপকূলীয় সর্বশেষ শক্ত ঘাঁটি ভাকারাই দখল করে নেয় সেনারা। ২০০২ সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রাজধানী কলম্বো থেকে দেড়শ মাইল দূরে অবস্থিত ভাকারাইয়ের ওপর বিদ্রোহীদের নিয়ন্ত্রণ মেনে নিয়েছিল সরকার।
সরকারের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ও মন্ত্রী কেহেলিয়া রাম্বুকওয়ালা রয়টার্সকে টেলিফোনে বলেন, “তোপিগালা বেশ বিপজ্জনক এলাকা। বিভিন্ন সময়ে বিদ্রোহীরা সেনাদের ওপর হামলা চালানোর আশঙ্কা থেকেই যায়। আমরা সে আশঙ্কা দূর করারই চেষ্টা করবো।”
“বিদ্রোহীরা যদি কাল বলে যে তারা সংঘাত এড়াতে চায় এবং শান্তি আলোচনার টেবিলে ফিরে আসে, তবে আমরাও তৎক্ষণাত যুদ্ধ বন্ধ করবো। যদি তারা তা না করে তবে আমরা বেসামরিক তামিলদের স্বাধীনতা দিতে তীব্রতর যুদ্ধ শুরু করবো এবং তারপর বিদ্রোহীদের আলোচনায় বসার আহ্বান জানাবো।” তবে তিনি জানান, সরকার বিদ্রোহীদের তাদের উত্তরাঞ্চলীয় মূল ঘাঁটি কিলিনোচ্চিতে নিষিদ্ধ ঘোষণা করতে চায় না। সেটা হলে বিদ্রোহীরা সরকারি সেনাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে বলে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন।
এদিকে তামিল বিদ্রোহীদের সেনা মুখপাত্র রসিয়া ইলানথিরাইয়ান কিলিনোচ্চি থেকে টেলিফোনে বলেন, “যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে সরকার যা করেছে তাতে আলোচনার টেবিলে বসতে তারা কতোটা রাজি তা প্রমাণে তাদের আরো অনেককিছুই করতে হবে।”
সরকারি সেনাদের তীব্রতর যুদ্ধ শুরু প্রসঙ্গে তিনি বলেন, “পূর্বাঞ্চলীয় এলাকা দখলে রাখা এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে সবসময় ভারসাম্য বজায় থাকে এবং তা সবসময়ই পরিবর্তিত হতে পারে।”
তিনি তোপিগালার জঙ্গলে সোমবার সকালে তীব্র যুদ্ধের কথা স্বীকার করেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালে শুরু হওয়া ওই সংঘাতে এ পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তি ও সেনা নিহত হয়েছে।
