২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ৩৮ পরিদর্শকের প্রবেশ আটকে দিয়েছে ইরান

জাতিসংঘের ৩৮ জন পর্যবেক্ষকের প্রবেশ আটকে দিয়েছে ইরান। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) হয়ে পরিদর্শকের ভূমিকা নেওয়া এসব সদস্যের নাম অবশ্য জানা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ এক সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে সোমবার একথা জানিয়েছে।

ইরানের জাতীয় সংসদের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান আলেদ্দিন বোরুজার্দি আইএসএনএকে বলেছেন, “আইএইএর ৩৮ জন পরিদর্শকের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। আনুষ্ঠানিকভাবে তা আইএইএকে জানানোও হয়েছে।”

 “আমাদের এই সিদ্ধান্তে পরিদর্শকদের জাতীয়তা কোনো ভূমিকা রাখেনি।”

সেদেশের পারমাণবিক স্থাপনাগুলোয় আইএইএর পরিদর্শকদের অবাধ যাতায়াত থাকলেও তাতে মাসকয়েক হলো রাশ টেনেছে ইরান। দেশে থাকা পরিদর্শকদের কাজে বাধা এবং বাকিদের ভিসা দিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে তারা। মূলত পশ্চিমা দেশগুলোর চাপকে অনৈতিক প্রমাণেই এ সিদ্ধান্ত নেয় দেশটি।

ইরানের পরমাণু কর্মসূচি বোমা বানানোর উদ্দেশ্যে বলে পশ্চিমা দেশগুলোর জোর মন্তব্যের বিরোধিতা করছে দেশটি শুরু থেকেই।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত ২৩ ডিসেম্বর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করাতে একটি নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত অনুমোদন করেছিল। তারই পাল্টা জবাবে ইরানের জাতীয় সংসদ আইএইএর সঙ্গে সহযোগিতা নতুন করে বিবেচনা ও পরমাণু কর্মসূচি জোরদার করার জন্য সরকারকে বাধ্য করে একটি বিল পাস করে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই হুমকি এখনও বাস্তবায়ন করেনি।