চোরকেও ধর্মের বাণী শুনিয়ে ছাড়লেন চীনা শিক্ষিকা
আপনার মোবাইল ফোনটি ছিনতাই হয়ে গেছে? পুলিশের কাছে নালিশ করেও কাজ হচ্ছে না? চোরের উদ্দেশে ছোট বার্তা পাঠান। খবরদার ধমক দেবেন না যেন। আদর্শলিপি থেকে শেখা ভালো ভালো কথা বলুন।
যতোই আজগুবি শোনাক না কেন ঠিক এই পদ্ধতিতেই ছিনতাই হওয়া মোবাইল ফোন ফেরত পেয়েছেন চীনের এক শিক্ষিকা। শুধু মোবাইল ফোনই নয়, ছিনিয়ে নেওয়া প্রায় পাঁচ হাজার ইউয়ানও (৬৩০ ডলার) ফেরত দিয়ে গেছে ছিনতাইকারী। অবশ্য চোরের কানে ধর্মের বাণী পৌঁছে দিতে মোট ২১টি এসএমএস ঝাড়তে হয়েছে শানডং প্রদেশের স্কুল শিক্ষিকা প্যান আইয়িং এর।
সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় শুক্রবার প্যান এর হাতব্যাগটি ছিনিয়ে নেয় মোটর সাইকেল আরোহী এক তরুণ। মোবাইল ফোনসহ প্রায় পাঁচ হাজার ইউয়ান এবং তার জরুরি কাগজপত্র ছিল ওই ব্যাগে।
প্রথমে পুলিশকে খবর দেওয়ার কথা ভাবলেও পরে সিদ্ধান্ত বদলান প্যান। জিনিসপত্র ফেরৎ দিতে ওই তরুণকে বুঝিয়ে রাজি করানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
সহকর্মীদের মোবাইল ফোন দিয়ে তার হারানো ফোনে ছিনতাইকারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন প্যান, বন্ধ মোবাইল ফোনের একঘেঁয়ে আওয়াজে হাল ছেড়ে দিয়ে তিনি আশ্রয় নেন টেক্সট মেসেজের।
“আমি প্যান আইয়িং। উটোউ মিডল স্কুলের শিক্ষক। আমার মনে হয় তুমি খারাপ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। তাই যদি হয়, আমি তোমাকে দোষ দেব না।” প্রথম বার্তা পাঠালেন প্যান।
উত্তর না এলেও দমে যাননি প্যান। অচেনা সেই চোরের উদ্দেশে লিখলেন “খুব দরকার থাকলে ৪ হাজার ৯০০ ইউয়ান তুমি রেখেই দাও। কিন্তু দয়া করে অন্য জিনিসগুলো আমাকে ফেরত দিয়ে যাও। তোমার বয়স কম। ভুল--ত্র“টি মানুষেরই হয়। ভুল শুধরে নেওয়াই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।” ছিনতাইকারি তরুণ নিরুত্তর থাকায় এভাবে পরপর ২১টি ম্যাসেজ পাঠিয়ে অবশেষে ক্ষান্ত দেন প্যান।
কিন্তু প্যান এর মুক্তোগুলো সবই উলুবনে যায়নি। রোববার সকালে তার উঠোনে একটি প্যাকেট দেখতে পেয়ে অবাক হন প্যান। প্যাকেটের ভেতরে ছিল তার চুরি যাওয়া সেই ব্যাগ আর সঙ্গে একটি চিঠি।
চিঠিতে লেখা, “প্রিয় প্যান, আমি সত্যি দুঃখিত। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করো। তুমি খুবই নম্র ও সহনশীল। আমি আর ছিনতাই করবো না। কথা দিচ্ছি, নিজেকে সংশোধন করে একজন যথার্থ মানুষ হবো।”
