এক হাতবিহীন সাহিরন বর্তমানে আবু সায়াফের শীর্ষ নেতা: সেনাবাহিনী
এক হাতবিহীন রাদুল্লান সাহিরন বর্তমানে ফিলিপাইনের জঙ্গি সংগঠন আবু সায়াফের নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সংগঠনটির নেতা গাদ্দাফি জানজালানি নিহত হওয়ার পর ৭০ বছর বয়স্ক সাহিরন তার স্থলাভিষিক্ত হন বলে সোমবার রয়টার্সকে জানান সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল রোমিও তোলেন্তিনো।
তিনি বলেন, “আমাদের সেনারা সাহিরনকে পেলে তাকে ধ্বংস করতে তারা সবকিছুই করবে। আবু সায়াফের সবচেয়ে শ্রদ্ধেয় নেতা তিনি। বিদেশীদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকলেও তিনিই ওই সংগঠনের সবচেয়ে বয়স্ক ও অভিজ্ঞ নেতা।”
তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বর্ষীয়ান ওই নেতা দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে মনে হয় না।
সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, “ভগ্ন স্বাস্থ্য ও বয়সের কারণে তিনি সক্রিয়ভাবে আবু সায়াফকে নেতৃত্ব দিতে পারবেন না। তবে সবসময়ই তার পরামর্শ নেওয়া হবে এবং সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।”
১৯৭০ এর দশকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাহিরন ডান হাত হারান।
দেশটির সেনাবাহিনী শনিবার জানজালানির মৃত্যুর খবর নিশ্চিত করে। তিনি সেপ্টেম্বর মাসে জোলো দ্বীপে সেনাদের সঙ্গে এক সংঘর্ষে গুরুতর আহত হন বলে তারা জানায়।
এছাড়া, আবু সায়াফের মূল কৌশলপ্রণেতা আবু সোলায়মানের মৃত্যুর খবরও গত সপ্তাহে নিশ্চিত করে তারা।
