২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বিক্ষুব্ধ মাধেসিদের মোকাবেলায় প্রধানমন্ত্রীর বৈঠক

শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি সত্ত্বেও হঠাৎ উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে সোমবার জরুরি বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

শনিবার এক মাওবাদীর গুলিতে মাধেসি জাতিসত্তার এক কিশোর নিহত হওয়ার ঘটনার পর বিক্ষোভ আর ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চল।

পরিস্থিতি সামাল দিতে ক্ষমতাসীন জোট আর মাওবাদীদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা।

বৈঠকের কোনো সিদ্ধান্ত জানা না গেলেও এর আগে সরকারের এক মুখপাত্র বলেন, শান্তি প্রক্রিয়ার বিরোধীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে।

অন্তর্বর্তী সংবিধানের বিরুদ্ধে মাধেসিদের বিক্ষোভ চলাকালে ওই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক বিক্ষোভ করে তারা। এ সময় বহু সরকারি অফিস এবং যানবাহন ভাঙচুর করে আদিবাসীরা। যানবাহন ভাঙচুরের ঘটনায় ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিকরা। ফলে কার্যত অচল হয়ে যায় দক্ষিণাঞ্চলের লহন শহর।

নতুন সংবিধানে মাধেসি জনগণসহ দক্ষিণের সমভূমির জন্য আরো বেশি সুযোগ--সুবিধার দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করেছিল ‘দি মাধেসি পিপলস রাইটস ফোরাম’।

মাধেসিদের বিক্ষোভ প্রসঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিষ্ণু রাজ উপতেরি বলেন, “অন্তর্বর্তী সংবিধানে মাধেসিদের অধিকারের প্রশ্নটি সঠিকভাবে উপস্থাপিত না হলে পাহাড়ি ও সমতলের মানুষদের মধ্যে বৃহত্তর বিভেদ সৃষ্টির আশঙ্কা আছে। এমনকি এ থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনেরও বিস্তার ঘটতে পারে।”

অত্যন্ত উর্বর মাধেস সমভূমি ‘নেপালের খাদ্যঝুড়ি’ হিসেবে পরিচিত। স্থানীয়দের কাছে এ সমভূমি পরিচিত ‘তেরাই’ নামে। দুবছর আগে মাওবাদীদের মূল দল থেকে বিচ্ছিন্ন গেরিলাদের গ্র“প ‘জনতান্ত্রিক তেরাই লিবারেশন ফ্রন্ট’ মাধেসিদের সমর্থন জানিয়ে অন্তর্বর্তী সংবিধানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।