২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭৫

বাগদাদে দুটি গাড়িবোমা বিস্ফোরণে সোমবার ৭৫ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও পুলিশ এ খবর জানায়। মধ্য বাগদাদের বাব আল শাহরজি এলাকায় প্রায় একই সময় গাড়িবোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ জানায়, ব্যস্ততম ওই এলাকার পুরনো জিনিস পত্র কেনাবেচার একটি বাজারে দুপুরের একটু পরেই গাড়িবোমা দুটির বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৭৫ জন নিহত হয় বলে তারা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 06:49 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ইরাকের স্বাস্থ্য উপমন্ত্রী হাকিম আল জামেলি জানান, বিস্ফোরণে আহতের সংখ্যা ১৭০ এবং এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।  

রয়টার্সের এক সাংবাদিককে তিনি বলেন, “দুটি বিস্ফোরণই মিনিটখানেকের মধ্যে ঘটে। এর পরপরই পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। ঘটনাস্থলে খণ্ড -- বিখণ্ড লাশ পড়ে ছিল। পুরো এলাকা ছিল রক্তে লাল। স্থানীয় লোকজনই প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে শুরু করে।”

আহতদের বেশিরভাগকে স্থানীয় কিন্দি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের আর্তনাদ ও স্বজনের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে।

বাগদাদে নতুন করে ৩২০০ মার্কিন সেনা মোতায়েনের পরদিনই এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নতুন ইরাক নীতি অনুযায়ী বাগদাদে অতিরিক্ত ১৭০০০ মার্কিন সেনা পাঠানোর কথা রয়েছে। এরই অংশ হিসেবে রোববার ওই সেনা দল বাগদাদ পৌঁছে।

এদিকে সোমবার সকালে উত্তর বাগদাদের সংলগ্ন সুন্নি অধ্যুষিত এলাকা আহমদিয়া অবরুদ্ধ করে ফেলে ইরাকি বাহিনী। সেখানে অনেকগুলো সামরিক যান পাঠানো হয়েছে বলেও জানান স্থানীয় বাসিন্দারা।

তারা আরো জানা, সেখানে মার্কিন সেনাদেরও দেখা গেছে।

তবে ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সেখানে নতুন করে কোনো অভিযানের পরিকল্পনা নেই।

এর আগে শনিবার ইরাকে একটি দুঃসহ দিন পার করে মার্কিন বাহিনী। একদিনেই নিহত হয় ২০ মার্কিন সেনা। এর মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায় ১৩ জন। আর বসরায় গেরিলা হামলায় নিহত হয় পাঁচজন।