দেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতেই প্রেসিডেন্ট হতে চাই: হিলারি ক্লিনটন
“যুক্তরাষ্ট্র এখন যেভাবে চলছে, তাতে এর ভবিষ্যত নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। আর এ উদ্বেগই আমাকে নির্বাচনী লড়াইয়ে নামতে বাধ্য করেছে।”
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণার সপক্ষে এ যুক্তিই হাজির করলেন সিনেটর হিলারি ক্লিনটন।
রোববার ম্যানহাটনে শিশুদের স্বাস্থ্য বীমা কর্মসূচি সম্প্রসারণ সংক্রান্ত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এর একদিন আগে নিজের ওয়েবসাইটে নির্বাচনী প্রার্থিতার লড়াইয়ে নামার ঘোষণা দেন সাবেক এ ফার্স্টলেডি।
হিলারি ক্লিনটন বলেন, “দেশের ভবিষ্যত নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন। দেশ ভালোভাবে চলছে না। একে সঠিক ধারায় ফিরিয়ে আনতে হবে। সে জন্যই আমি প্রেসিডেন্ট হতে চাই। আমি মনে করি, দেশে ও বাইরে সে চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য আমার রয়েছে।”
ডেমোক্রেটিক পার্টি থেকে হিলারি ছাড়াও আর যারা ২০০৮ এর নির্বাচনের প্রার্থিতার লড়াইয়ে রয়েছেন তাদের মধ্যে শক্তিশালী মনে করা হচ্ছে নিউইয়র্কের সিনেটর বারাক ওবামাকে। কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লেখাতে চান তিনি।
এছাড়াও রোববার প্রার্থিতার ঘোষণা দিয়েছেন নিউ মেক্সিকোর ডেমোক্রেট সিনেটর বিল রিচার্ডসন। দেশের প্রথম হিস্পানিক প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা তার।
প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে হিলারি বলেন, “প্রার্থিতার লড়াইয়ে আমাকে যাদের মোকাবেলা করতে হচ্ছে, তারা সবাই আপন যোগ্যতায় সমুজ্জ্বল। তারপরও নিজের ওপর আমার আস্থা রয়েছে।”
নির্বাচনের ক্ষেত্রে স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসির ভূমিকা কী হবে- এ প্রশ্নের জবাবে হিলারি বলেন, “তারা সবসময়ই পরামর্শ ও সমর্থন দিয়ে আমাকে সহায়তা করে আসছে। এ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডিদের মধ্যে হিলারি ক্লিনটনই প্রথম যিনি সিনেটর নির্বাচিত হন। এ নিয়ে দুবার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন হিলারি।
যদি প্রেসিডেন্ট হন সে ক্ষেত্রেও ইতিহাস গড়বেন তিনি। কারণ, তখন তিনি হবেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট।
