থাইল্যান্ডে বোমা হামলার ঘটনায় সেনাসদস্যসহ আটক ১৮
নববর্ষের আগের রাতে ব্যাংককে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে সেনাসদস্যসহ ১৮ ব্যাক্তিকে আটক করেছে থাই কর্তৃপক্ষ।
তাদের কাছে বোমা হামলা সংক্রান্ত তথ্য থাকতে পারে- পুলিশের এমন প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংককের বিভিন্ন লোকালয় এবং আশপাশের সেনা ইউনিটগুলো থেকে ওই ১৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সেনা ও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
থাই সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রায়ুধ জানোচা ব্যাংকক রেডিও স্টেশনকে সোমবার এসব তথ্য জানান।
তিনি বলেন, ওই ১৮ জনকে সেনা আদালতের আইনের আওতায় আটক করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য সন্দেহভাজন আরো অনেককে আটক করা হতে পারে বলেও তিনি জানান।
এ আইন অনুযায়ী এক সপ্তাহের মধ্যে এদের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে, আর তা না হলে তাদের ছেড়ে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ব্যাংককে বোমা হামলার পরপরই সেনানিয়ন্ত্রিত সরকারের পক্ষ থেকে ইঙ্গিত করা হয় যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার অনুগতরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
আটক সেনা বা বেসামরিক নাগরিকদের কারো নাম প্রকাশ না করা হলেও থাই কর্তৃপক্ষ জানিয়েছে, আটক সেনারা থাইল্যান্ডের বিশেষ বাহিনীর সদস্য।
এদিকে, থাই সেনাপ্রধান সন্থি বুনিয়ারাতগ্লিন বলেছেন, আটকদের মাঝে সেনা, নৌ, বিমান ও পুলিশ- এই চার বাহিনীর সদস্যই আছে।
