২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ায় নির্বাচনে কট্টরপন্থীরা এগিয়ে

সার্বিয়ার নির্বাচনের কট্টরপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভোট গণনায় দেখা যায়, রোববারের নির্বাচনে কট্টরপন্থী র্যাডিকাল পার্টি পেয়েছে ২৮ শতাংশ ভোট। তবে সর্বাধিক ভোট পেলেও তারা সরকার গঠন করতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2007, 04:33 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

নির্বাচনে পশ্চিমা সমর্থিত বর্তমান প্রেসিডেন্ট বরিস তাদিচের ডেমোক্রেটিক পার্টি ২৩ শতাংশ ভোট পেয়েছে। আর ১৬ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী ভোইস্লাভ কস্তুনিৎসার দল।

র্যাডিকাল পার্টি নেতা তমিস্লাভ নিকোলিচ সোমবার নিজেদের বিজয়ী দাবি করে সরকার গঠনে কারো সঙ্গে জোট বাধার আগ্রহের কথা জানান। তিনি বলেন, “পশ্চিমা শক্তিগুলোর কথায় যে জনগণ ভুল করেনি, তা নির্বাচনের ফলাফলেই প্রকাশ পেয়েছে। তবে আমরা এটাও জানি, সামনের দিনগুলো কঠিনই হবে।”

এদিকে সরকার গঠনে হাল ছাড়েনি ডেমোক্রেটিক পার্টিও। বরিস তাদিচ বলেন, “পার্লামেন্টে আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সুতরাং সরকার গঠন আমরাও করতে পারি।”

কস্তুনিৎসাও  সাংবাদিকদের বলেন, “একটি জোট সরকার গঠনে আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। আমরা সহযোগী দলগুলোর আন্তরিক তৎপরতা প্রত্যাশা করছি।”

স্লবোদন মিলোসোভিচকে উৎখাতে ২০০০ সালে এক জোট হয়ে আন্দোলনে ছিলেন তাদিচ ও কস্তুনিৎসা। বলকানের কসাই নামে কুখ্যাত মিলোসেভিচ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন ২০০৬ সালে দি হেগে মারা যান।

যুদ্ধাপরাধ ট্রাইবুনালে বিচার চলছে র্যাডিকাল পার্টির মূল নেতা ভোইস্লাভ সেসেলেরও।

র্যাডিকাল পার্টি ক্ষমতায় এসে তারা আবার বসনিয়া কিংবা ক্রোয়েশিয়ার সার্ব জনগোষ্ঠী অধ্যুষিত অংশ দখলের চেষ্টা চালাবে বলে অনেকের আশঙ্কা। এছাড়া বসনিয়ায় গণহত্যায় অভিযুক্ত বিতর্কিত রাতকো ম্লাদিচকে গ্রেফতারেও অস্বীকৃতি জানাবে বলে ধারণা করা হচ্ছে। কেননা, তারা ম্লাদিচকে বীর হিসেবেই সম্মান করে তারা। তাকে গ্রেফতারে ব্যর্থতার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আট মাস আগে সার্ব সরকারের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দেয়।

নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলোকে স্পষ্টতই হতাশ হয়েছে। কারণ তারা চাইছিল একটি মধ্যপন্থী দল বা জোট ক্ষমতায় আসুক।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন নির্বাচনের দিনও কট্টরপন্থীদের ভোট না দেওয়ার জন্য সার্বিয়ার জনগণকে আহ্বান জানিয়েছিলেন।