'উত্তর কোরিয়া সংক্রান্ত আলোচনা আবারো শুরুর ভিত্তি তৈরি হচ্ছে'
উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম সংক্রান্ত আলোচনা আবারো শুরুর ভিত্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টফার হিল।
এ বিষয়ে মুখ্য মধ্যস্থতাকারী চীনের প্রতিনিধি উ দায়েইয়ের সঙ্গে সোমবার বেইজিঙে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
২০০৬ সালের ডিসেম্বর মাসে স্থগিত হয়ে যাওয়া ছয় জাতি আলোচনা পুনরায় শুরু করতে চীন সরকার শিগগিরই একটি তারিখ ঘোষণা করতে পারে বলেও ইঙ্গিত দেন হিল।
দায়েইর সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের হিল বলেন, “আমরা আশা করছি ছয় জাতির আলোচনা পুনরায় শুরু করতে চীন সরকার শিগগিরই একটি তারিখ ঘোষণা করতে পারবে।”
তবে এর আগে চীনকে অন্য পক্ষগুলোর সঙ্গে আলোচনারও পরামর্শ দেন তিনি।
মধ্যস্থতাকারী দেশগুলো হলো উত্তর ও দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়া।
তবে জাপানি বার্তাসংস্থা কয়োদো সেদেশের পররাষ্ট্রমন্ত্রী তারো আসোকে উদ্ধৃত করে রোববার জানিয়েছেন, ছয় জাতি আলোচনা ফেব্র“য়ারি মাসের প্রথমদিকে শুরু হতে পারে।
এদিকে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রের প্রতিবেদনে সোমবার বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্লিনে অনুষ্ঠিত তিনদিনের আলোচনায় উত্তর কোরিয়া জ্বালানি সহায়তার বিনিময়ে নিজেদের পরমাণু চুল্লি সংক্রান্ত তৎপরতা স্থগিত এবং সেদেশে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের স্বাগত জানানোর প্রস্তাব দেয়।
ওই আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের পক্ষে ক্রিস্টফার হিল ও উত্তর কোরিয়ার পক্ষে কিম কেয়ি--গোয়ান।
তবে আলোচনা শেষে হিল উত্তর কোরিয়া সংক্রান্ত আলোচনায় বড় ধরনের অগ্রগতির কোনো ইঙ্গিত দেননি।
চীনের সিনহুয়া সংবাদসংস্থা জানিয়েছে, সেদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সোমবার বেইজিংয়ে পৌঁছেছেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যাপারে ওয়াশিংটন ও পিয়ংইয়ঙের প্রতিনিধিদের শিগগিরই আলোচনায় বসার কথা রয়েছে।
এছাড়া রাশিয়ার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিবাদ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কিম রাশিয়ার প্রধান আলোচক আলেক্সজান্ডার লোসিয়ুকোভের সঙ্গে রোববার সাক্ষাত করেছেন।
